জাবি, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে আটকের ঘটনায় বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাস ভাংচুর এবং পাঁচটি বাস আটক করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আহত মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী মাজহারুল ইসলামকে (ইতিহাস বিভাগ,৩৭তম ব্যাচ) প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মাজহারুল জানায়, সন্ধ্যা ৬টার দিকে সে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ডেইরি গেট থেকে 'সুপার' বাসে বাইপাইলে বোনের বাসায় যাওয়ার সময় বাইপাইলে নামতে চাইলে এ নিয়ে বাসের ড্রাইভার এবং হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে হেলপার ও ড্রাইভার মিলে তাকে ব্যাপক মারধর করে এবং ফ্যান্টাসি কিংডম এলাকায় 'সুপার' বাসের মূল কাউন্টারে নিয়ে প্রায় দুই ঘন্টা আটকে রাখে বলে তিনি অভিযোগ করেন।
এসময় তার কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, মোবাইল ফোন সেট এবং নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে মাজহার দাবি করেন।
পরে রাত ৯টায় মাজহার তার ভাগনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে ভর্তি হন বলে তিনি জানান।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক ডা. কাজী মো. আলী বলেন, "তার শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাকে বেশ কয়েকজন মিলে খালি হাতে মারধর করেছে তা বোঝা যায়।"
এই খবর ক্যাম্পাসে জানাজানি হলে রাত সাড়ে আটটার দিকে মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মীরা একজোট হয়ে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় ওই কোম্পানির বাসের (ঢাকা মেট্রো ব-১১-২২৫১) জানালার কাঁচ ভাঙচুর করে এবং পাঁচটি বাস আটকে রাখে।
এসময় ডেইরি গেট এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সহকারী প্রক্টর নাজমুল ইসলাম তালুকদার জানান, বাস কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। আহত ছাত্র এবং অন্যান্যদের সঙ্গে কথা বলে বিষয়টি নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবিদ হোসেন বলেন, এ বিষয়ে পুলিশ আইনানুগ ব্যাবস্থা নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24