২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, আহত ৩

বখাটের উৎপাত থেকে রেহাই পেতে স্কুলে যাওয়া বন্ধ করেও রক্ষা পায়নি বরিশালের মুলাদীর এক ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 04:46 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

বরিশাল, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বখাটের উৎপাত থেকে রেহাই পেতে স্কুলে যাওয়া বন্ধ করেও রক্ষা পায়নি বরিশালের মুলাদীর এক ছাত্রী। বুধবার রাতে উপজেলার চরগাছুয়া গ্রামের বাড়িতে হানা দিয়ে বখাটেরা তাকে অপহরণের চেষ্টা চালায়। এসময় তাদের হামলায় আহত হয় ছাত্রীটির মাসহ তিনজন। তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার সৈয়দেরগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এই ছাত্রীর পরিবার জানায়, প্রতিবেশী মোতালেব তালুকদারের বখাটে ছেলে সৈয়দেরগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সোহেল দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছে। এক পর্যায়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় সে। এ ঘটনায় তার বাবা সেলিম খান বাদি হয়ে প্রায় ৪ মাস আগে বখাটে সোহেলসহ ৪ জনকে আসামি করে বরিশালের একটি আদালতে মামলা করেন। মামলা করার পর থেকেই সোহেল ও তার বাবা সেলিম খানের পরিবারের লোকজনদের হত্যা, অপহরণসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিলো। বুধবার রাত সাড়ে ৮টায় সোহেল তার ভগ্নিপতি নয়নসহ ১০/১৫ জন সেলিম খানের বাড়িতে হামলা চালিয়ে তার মেয়েকে অপহরণের চেষ্টা করে। সেলিম খানের স্ত্রী ফাতেমা বেগম (৩০) ও ছেলে আরফান (১০) বাধা দিলে তাদের মারধর করে তারা। পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মুলাদী থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৩ ঘ.