২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলে ৫০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠার আশ্বাস ইউ'র

নগরীর বিভিন্ন উপকূলীয় ওয়ার্ডে ৫০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 03:52 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বিভিন্ন উপকূলীয় ওয়ার্ডে ৫০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার সিটি মেয়র এম মনজুর আলমের বাসভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে ইইউ ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত স্টেফান ফ্রোয়িন এ আশ্বাস দেন। সাক্ষাৎকালে সিটি মেয়র বলেন, নগরীতে যে কয়টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আছে তা পর্যাপ্ত নয়। ফলে ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় ওয়ার্ডগুলোতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাই নতুন ৫০ টি বহুতল সাইক্লোন সেন্টার নির্মাণ করা প্রয়োজন। প্রাকৃতিক দুর্যোগের সময় এসব আশ্রয়কেন্দ্রে এলাকার অধিবাসীরা আশ্রয় নিতে পারবে উল্লেখ করে তিনি বলেন, অন্য সময় এই আশ্রয়কেন্দ্রগুলো স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র হিসেবে ও অন্যান্য কাজে ব্যবহার করা যাবে। এসময় ইইউ ডেলিগেশন প্রধান স্টেফান ফ্রোয়িন বলেন, নগরীর উন্নয়নে নেওয়া অন্যান্য প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিভিন্ন উন্নয়ন সহযোগীর সঙ্গে তিনি কথা বলবেন। চট্টগ্রামে তথ্য প্রযুক্তি, চামড়া, মৎস্য শিল্প ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে বিনিয়োগে ইইউ আগ্রহী বলে জানান তিনি। এছাড়া আটটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তারও আশ্বাস দেন রাষ্ট্রদূত। সিটি মেয়র এম মনজুর আলম দুর্যোগ ব্যবস্থাপনা ও অগ্নি নির্বাপণ কাজে ব্যবহৃত সরঞ্জাম সরবরাহে ইইউ'র সহায়তা চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২১৪০ ঘ.