ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার তিনটি প্রতিষ্ঠানকে গুদামে নিয়মবর্হিভূতভাবে রাসায়নিক পদার্থ রাখার অপরাধে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মালামাল সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসক ও র্যাবের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়।
গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুরান ঢাকা রাসায়নিকের গুদাম অন্য জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলো সরকার।
ম্যাজিস্ট্রেট মো. আল-আমীনের নেতৃত্বে অভিযান চলে বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই অভিযান চলে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টিপু সুলতান রোডের এসআর কর্পোরেশনের গুদামে অভিযান চালিয়ে দাহ্য জাতীয় রাসায়নিক পাওয়া যায়। এসব রাসায়নিক গুদাম সরিয়ে নেওয়ার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও না সরানোয় প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমান করা হয়।
এই গুদাম সাতদিনের মধ্যে সরিয়ে নেবে বলে মালিক পক্ষ মুচলেকা দেয় বলে জানান তিনি।
একই অভিযোগে বঙ্গবন্ধু এভিনিউর সিটি ভবনে এসকে ট্রেডার্স এবং কেমিকালার লিমিটেড নামে দুইটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে প্রতিটিকে দুই লাখ টাকা করে জরিমানা এবং ১৫ দিনের মধ্যে গুদাম সরিয়ে নিতে বলা হয়।
বৃহস্পতিবার দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আনোয়ার পাশার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বংশাল থানা এলাকার নূর বক্স লেনে রিপন পারফিউমারি এবং শিপা ট্রেডার্স নামে দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। এই দুইটি প্রতিষ্টানে দমকল বাহিনীর ছাড়পত্র না থাকায় ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে দমকল বাহিনীর প্রতিনিধিও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/পিডি/২০৫৭ ঘ.
bdnews24