ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সার আক্রান্ত একাত্তরের শব্দসৈনিক কণ্ঠশিল্পী বিপুল ভট্টাচার্যের চিকিৎসায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আর্থিক অনুদান দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ।
বুধবার রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন শিল্পীর হাতে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব উজ্জল বিকাশ দত্ত।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পীর স্ত্রীর আবেদনের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ এই সাহায্য দেয়।
চেক হস্তান্তরের সময়ে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের পক্ষে সহসভাপতি মো. শামসুল কাওনাইন, শিল্পীর স্ত্রী কুমকুম ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীসহ মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একাত্তর সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম এই শিল্পী গত জুলাই মাসে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯০১ ঘ.
bdnews24