ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৫-১৯ মার্চ দেশে পঞ্চম আদমশুমারি হবে। শুমারির তিন মাসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং ১৫ মাসের মধ্যে জাতীয় প্রতিবেদন প্রকাশ হবে।
বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
শুমারি কার্যক্রমে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে ইউএনএফপিএ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএসএইড।
বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয় ২০০১ সালের জানুয়ারি মাসে। ওই শুমারি অনুযায়ী তখন দেশের জনসংখ্যা ছিলো ১৪ কোটি ২০ লাখ।
পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম জানান, শুমারিতে মৌলিক তথ্য সংগ্রহের তিন মাসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং ১৫ মাসের মধ্যে জাতীয় প্রতিবেদন প্রকাশ করা হবে। এ সময় তথ্য সংগ্রহে সব খানায় আটটি প্রশ্ন, বাড়িতে তিনটি প্রশ্ন এবং ব্যক্তিকে ১৪টি প্রশ্ন করা হবে।
জাতীয় প্রতিবেদন প্রকাশের আগে সংগৃহীত তথ্যের গুণগতমান যাচাই এবং ভুল নির্ণয় করা হবে বলে জানান তিনি।
শুমারি প্রতিবেদন প্রস্তুত হওয়ার পর তা পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
তিন লাখ ৬০ হাজার গণনা এলাকা
এবার বাংলাদেশকে একশ ১০টি শুমারি জেলায় ভাগ করা হয়েছে। ডিজিটাল ম্যাপের ভিত্তিতে সারাদেশকে ভাগ করা হয়েছে তিন লাখ ৩০ হাজার গণনা এলাকা এবং ৬০ হাজার সুপারভাইজার এলাকায়।
সুপারভাইজারদের প্রশিক্ষণের প্রথম দিন স্ব-স্ব এলাকা বুঝিয়ে দেওয়া হবে।
পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম জানান, নিরপেক্ষভাবে শুমারি কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে একটি গ্র"প গঠন করা হবে। তারা বিভিন্ন ভুল পরিসংখ্যান বিভাগের কর্মকর্তাদের কাছে রিপোর্ট করবেন।
শুমারি কার্যক্রম নিয়ন্ত্রণ ও কর্মীদের প্রশিক্ষণ দিতে প্রতি দুই/তিনটি ইউনিয়ন বা ওয়ার্ডের সমন্বয়ে সারাদেশকে দু'হাজার ছয়শটি জোন গঠন করা হবে। এগুলোর দায়িত্বে থাকবেন বিবিএসের কর্মকর্তা ও কর্মচারীরা।
শুমারিতে ১৪ মার্চ রাত ০০.০০ মুহূর্তকে শুমারি মুহূর্ত এবং এ মুহূর্ত থেকে ভোর ৬টা পর্যন্ত সময়কে শুমারি রাত হিসেবে গণ্য করা হবে। এ রাতে শুমারি কর্মীরা গৃহহীন, ভাসমান লোকজনকে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, বারান্দা, সিঁড়ির নিচ ও রাস্তাঘাটে ঘুরে ঘুরে গণনা করবে।
রীতি জানান, গণনায় নিয়োজিতরা কোনো ধরণের অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গণনার কাজে প্রাধান্য দেওয়া হবে মহিলাদের।
'শুমারি করার ভালো সময় মার্চ'
পরিকল্পনামন্ত্রী একে খন্দকার বলেন, "বাংলাদেশের আবহাওয়া, শিক্ষাক্রম এবং কৃষিচক্র পর্যালোচনা করে দেখা গেছে মার্চ মাস বসন্তকাল হওয়ায় আদমশুমারি অনুষ্ঠানের সর্বোৎকৃষ্ট সময়।"
তার মতে, এসময় ঝড় কম হয় এবং সহজে গণনাকারী ও সুপারভাইজার পাওয়া যাবে। তাই এ সময় বেছে নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, ইতিমধ্যে টেলিভিশন, বেতার এবং গণযোগাযোগ অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে প্রচার কমিটি গঠন করা হয়েছে। তাদের সহায়তায় একটি খসড়া প্রচার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষকে এ গণনায় অংশগ্রহণে আগ্রহী করতে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার চালাবে শুমারি কমিটি।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ব্যুরোর অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা, তথ্য সচিব কামাল আব্দুল নাসের প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৮৪৯ ঘ.
bdnews24