ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজ কার্যক্রম ২০১০ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছর হাজযাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "এবার হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের সৌভাগ্য। তবে, কিছু সমস্যা তৈরি হয়েছিলো। সেই সমস্যার সমাধান করা হয়েছে।"
তিনি বৃহস্পতিবার বিকালে হাজী ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
এবছর মোট ৯৪ হাজার যাত্রী হজ করতে যাচ্ছে। এই হজযাত্রীদের দশটি এয়ারলাইন্সের মাধ্যমে বহন করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, "এবছর হজযাত্রীদের জন্য ৯৪ জন চিকিৎসক পাঠানো হয়েছে। ১৫০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।"
প্রধানমন্ত্রী বলেন, "তথ্য প্রযুক্তির মাধ্যমে হাজীরা সব সময় দেশের সাথে যোগাযোগ রাখতে পারবেন।"
সরকারের পাঁচ বছর মেয়াদী জাতীয় হজ নীতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "সুষ্ঠুভাবে যেনো সবকিছু সম্পন্ন হয়- সরকার তাতে আন্তরিক। সরকারের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
হজ কার্যক্রমের সাথে যুক্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, "হাজীরা আল্লাহর মেহমান। আপনারা তাদের সেবা করবেন। যাতে কোনো গাফিলতি না হয়।"
প্রধানমন্ত্রী হাজযাত্রীদের সাথে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এরপর শেখ হাসিনা ঘুরে ঘুরে হজযাত্রীদের সাথে কথা বলেন এবং খোজ-খবর নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী জি এম কাদের, ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৭০৪ ঘ.
bdnews24