ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক প্রকল্প দ্রুত বাস্তবায়নে এক বা একাধিক ঠিকাদার বা উন্নয়নকারী সংস্থা (ডেভেলপার) নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
এজন্য ঠিকাদার বা ডেভেলপারদের কাছ থেকে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট-ইওআই (বিনিয়োগের আগ্রহ) গ্রহণের শর্ত চূড়ান্ত করতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে (বিসিসি) দায়িত্ব দেওয়া হয়েছে।
বিসিসির কার্যনির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বৃহস্পতিবার কথা জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেজ ওসমান তার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন।
মাহফুজুর রহমান আরও জানান, প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একজন ঠিকাদার বা ডেভেলপারের মাধ্যমে কাজ শেষ করা সম্ভব না হলে প্রয়োজনে একাধিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসব প্রতিষ্ঠানের নিয়োগ চূড়ান্ত করা হবে বিনিয়োগের আগ্রহের ওপর।
এজন্য শিগগিরই বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে 'ইওআই' আহ্বান করা হবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর আগ্রহপত্র মূল্যায়নের পর নির্বাচিত প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ প্রস্তাবনা নেওয়া হবে।
এক্ষেত্রে এক বা একাধিক প্রতিষ্ঠান কোন বিষয় নয়। যারা যোগ্য বিবেচিত হবে, তারাই কাজ পাবে।
তিনি জানান, ইওআই-এর শর্তগুলো চূড়ান্ত করে স্বল্পতম সময়ে মন্ত্রণালয়ে জমা দিতে বিসিসিকে বলা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যেই বিসিসি এ কাজটি সম্পন্ন করবে। এরপরই এ বিষয়ে কার্যক্রম শুরু হতে পারে।
এছাড়াও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন প্রণোদনা সুবিধা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভায় যোগদানকারী একজন কর্মকর্তা জানান।
এসবের মধ্যে রয়েছে- বিনিয়োগকারীদের ১০ বছর পর্যন্ত আয়কর অবকাশ, এসব প্রতিষ্ঠানে কর্মরত বিদেশীদের জন্য তিন বছর পর্যন্ত আয়কর মওকুফ, হাইটেক পার্কে বিনিয়োগের শর্তে বিনিয়োগ করা অর্থের পরিশোধিত আয়কর ফেরত, ডেভেলপার ও বিনিয়োগকারীদের জন্য আমদানি করা ১৮০০ সিসি'র নিচে পণ্যের কর মওকুফ এবং সকল রপ্তানি পন্য আয়কর মুক্ত ঘোষণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৬৪৫ ঘ.
bdnews24