মৌলভীবাজার, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাইয়ে জড়িত থাকায় কুমিল্লার বরুড়া উপজেলার ভাইস চেয়ারম্যান সোলায়মান পাটোয়ারী মন্টি এবং তার দুই সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ছিনতাই করা মাইক্রোবাসটি মন্টির বাড়ির গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মন্টির দুই সহযোগী হলেন বরুড়া উপজেলা সদরের লতিফপুর গ্রামের আজম খান (৩০) ও সাহারপদুয়া গ্রামের সুমন মিয়া (২৬)।
ছিনতাই হওয়া মাইক্রোবাসের চালক মো. মহসীনের গলিত লাশ বুধবার বিকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখোলা ইউনিয়নের শাহজিবাজার এলাকার একটি রাবার বাগান থেকে পুলিশ উদ্ধার করে বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহসীন গত ২৭ সেপ্টেম্বর শ্রীমঙ্গল সদর থেকে মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ-১৪-১৬৭৭) ভাড়ায় দুজন যাত্রী তুলে ঢাকার উদ্দেশ্যে যায়। এদিনই অপর এক মাইক্রোবাস চালক চুনারুঘাটে মহসীনকে গাড়ি নিয়ে ফিরতে দেখে। এরপর মহসীনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
অবশেষে গত বুধবার বিকালে চুনারুঘাট থানা পুলিশ শাহজিবাজার এলাকার রাবার বাগান থেকে মহসীনের গলিত লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন শ্রীমঙ্গল থানায় সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি শ্রীমঙ্গল থানার একদল পুলিশ নিয়ে কুমিল্লার বরুড়া উপজেলা সদরে যান। সেখানে আজম খান ও সুমনকে গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই হওয়া মাইক্রোবাসটি বরুড়া পৌর এলাকায় উপজেলা ভাইস চেয়ারম্যান সোলায়মান পাটোয়ারী মন্টি'র বাসার গ্যারেজ থেকে উদ্ধার করা হয়।
এসময় মন্টিকে গ্রেপ্তার করা হয় এবং তার বাসায় তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের খুলে ফেলা সিট, সিট কভার, নিবন্ধনসহ কাগজপত্র, ভুয়া নম্বর প্লেট, ৩টি মোবাইল ফোন ও ফেন্সিডিলের দু'টি খালি বোতল জব্দ করা হয়।
উদ্ধারকৃত ৩ টি মোবাইল ফোনের মধ্যে একটি মোবাইল ফোন মাইক্রোবাস চালক মহসীনের। রাত ৩ টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
উদ্ধারকৃত মাইক্রোবাস ও তাদের তিনজনকে সকালে শ্রীমঙ্গল থানায় নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সহকারি পুলিশ সুপার জানান।
মাইক্রোবাসচালক মহসীন শ্রীমঙ্গল উপজেলা সদরের সুইনগড় (শাহীবাগ) এলাকার মো. ইউনুস আলীর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৫৭ ঘ.
bdnews24