ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য ও গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে শুক্রবার সকাল ৫টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে একথা জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য ও গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কোথাও কোথাও আজ সকাল ০৫টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত বহাল রাখা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সানাউল হক।
বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়।
এতে আরো বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। বাংলাদেশের সমুদ্র বন্দরসমূহ এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্রগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িৎ জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
নদীবন্দরগুলোকে দুই নম্বর বিপদ স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে থাকতেও বলা হয় বুলেটিনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/আরএ/১২৫৮ ঘ.
bdnews24