২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেজর আখতারের বাড়িতে হামলা

ঢাকা সেনানিবাস এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বাড়িতে হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 06:23 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাস এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বাড়িতে হামলা হয়েছে। আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার বাড়িতে হামলা চালায় একদল যুবক। এতে আহত হন তার স্ত্রী সালমা জামান এবং দুই কর্মচারী। সালমাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান কিশোরগঞ্জের সাবেক সংসদ সদস্য আখতার। হামলার সময় আখতার বাড়িতে ছিলেন না। সিলেটে অবস্থানরত আখতার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হামলাকারীরা বয়সে যুবক। তারা ধারালো অস্ত্র দিয়ে আমার স্ত্রীকে আহত করেছে।" আহত অপর দুজন হলেন আখতারের গাড়িচালক কাদের এবং বাড়ির তত্ত্বাবধায়ক মঞ্জু। সাবেক সংসদ সদস্য বলেন, ঘটনাটি তিনি র‌্যাব মহাপরিচালককে জানিয়েছেন। কাফরুল থানায় মামলার প্রক্রিয়াও চলছে। হজরত শাহজালের মাজার জিয়ারত করতে বৃহস্পতিবার ভোরেই সিলেটের পথে রওনা হন আখতার। ঢাকা সেনানিবাসের ক্যানবাজারে ১০ নম্বর রোডের ৩৫ নম্বর ওই বাড়ি থেকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই এ হামলা হয় বলে আখতার জানান। এ বিষয়ে কাফরুল থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২১১ ঘ.