ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে দায়ের মামলায় বৃহস্পতিবার আরো তিনজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
এ নিয়ে এ মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হলো। এর মধ্যে জেরা সম্পন্ন হয়েছে সাত সাক্ষীর।
মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও তাদেরকে আসামিদের জেরা করার জন্য পিলখানায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ এ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় আদালত বসে। অষ্টম সাক্ষীকে কয়েকজন আসামির জেরা শেষে বেলা পৌনে ৩টার দিকে সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।
আদালতের কার্যক্রমের শুরুতে মামলার পঞ্চম সাক্ষীকে পাঁচ আসামি জেরা করেন। বুধবার মামলার অন্য আসামিরা তাকে জেরা করেছিলেন।
বৃহস্পতিবার মামলার পঞ্চম সাক্ষীকে জেরা শেষে ষষ্ঠ ও সপ্তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়। এরপর অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দুপুর দেড়টার দিকে আদালত ২০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়। পুনরায় আদালত বসার পর তাকে জেরা করেন মামলায় অভিযুক্ত সাত আসামি। বাকি চারজন তাকে সোমবার জেরা করবেন।
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতে নেতৃত্ব দেন।
বুধবার মামলার চতুর্থ সাক্ষীকে আসামিদের জেরা শেষে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়। পরে তাকে কয়েকজন আসামির জেরা শেষে দুপুর পৌনে ৩টার দিকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। বৃহস্পতিবার সব আসামিকে সময়মতো উপস্থিত করা সম্ভব না হওয়ায় আদালতের কার্যক্রম দেরিতে শুরু হয়।
গত বছর ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বিডিআর-এ নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশ কিছু জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
২৪ রাইফেল ব্যাটালিয়ন এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনকে আসামি করে ৩১ মার্চ বিদ্রোহের এ মামলা করেন সুবেদার মো. মতিউর রহমান। মামলার এক নম্বর সাক্ষীও তিনি।
বিদ্রোহের এ মামলায় গত ২৬ জুন অভিযোগ গঠন করা হয়। মাঝে এক আসামি মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে এই মামলার বিচার বিশেষ আদালত-৫ এ চলছিলো। আদালত পুনর্গঠনের পর তা এখন বিশেষ আদালত-৭ এ চলছে।
বিদ্রোহের অভিযোগে সারাদেশে প্রায় সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। এর মধ্যে রাঙামাটি, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে ও সুনামগঞ্জে বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
পিলখানায় বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রচলতি আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১৪৫৯ ঘ.
bdnews24