ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ীতে জুতার রাসায়নিক (সলিউশন) তৈরির এক কারখানায় চুল্লিতে বিস্ফোরণে লাগা আগুনে দগ্ধ আরো দুজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে লিলি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এ বুধবার লাগা ওই আগুনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯।
এর মধ্যে সাতটি মৃতদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আগুনে দগ্ধ পাঁচজনকে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে রিমু বেগম (২৫) এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শিউলির (২৫) মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রিমুর স্বামীর নাম মো. জামাল হোসেন। তাদের দেশের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার খেলাপাড়ায়। ঢাকায় ৭৭১ দনিয়া বড়বাজার কদমতলীর বাসায় স্বামীর সঙ্গে থাকতেন তিনি।
শিউলির বাবার নাম মো. ইস্রাফিল। তাদের দেশের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার কুপখালী গ্রামে। ঢাকায় দক্ষিণ যাত্রাবাড়ীর এক বাসায় বাবা-মার সঙ্গে থাকতেন তিনি।
বুধবারের ওই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
আগুন লাগার সময় কারখানায় ৩৫ জন শ্রমিক কাজ করছিলো বলে সাংবাদিকদের জানান ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে আসা ওই কারখানার এক শ্রমিক। রাসায়নিক তৈরির সময় চুল্লিতে বিস্ফোরণে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে বলেও জানান ওই শ্রমিক।
কারখানার মালিককে পাওয়া যাচ্ছে না
বুধবার বিকাল ৫টায় দক্ষিণ যাত্রাবাড়ীর সম্রাট কমিউনিটি সেন্টারের পাশের ওই কারখানায় আগুন লাগে বলে জানায় দমকল বাহিনী। সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ দমকল বাহিনীর আটটি ইউনিট আগুন নিভিয়ে ফেলে।
কারাখানার মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা জানায়, সেলিম মিয়া নামের এক ব্যক্তি কারাখানার মালিক। তবে আগুন লাগার পর তিনি ঘটনাস্থলে আসেননি।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান দমকল বাহিনীর পরিচালক (অপারেশন) শেখ মো. জালাল। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চুল্লি বিস্ফোরণ থেকে আগুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়া কারখানটির শ্রমিক বিশু মিয়া সাংবাদিকদের বলেন, "কারখানায় আমরা ৩৫ জন শ্রমিক কাজ করছিলাম। গ্যাসের একটি চুল্লির ওপর রাসায়নিক তৈরি করা হচ্ছিলো। হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। আমরা হুড়োহুড়ি করে বের হওয়ার আগেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।"
তিনি জানান, এই কারখানাটিতে জুতা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন আঠা তৈরি করা হতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসআইটি/এজে/১০২১ ঘ.
bdnews24