কক্সবাজার, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভাইয়ের হাতে ছোটবোন খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার উপজেলর হোয়াইক্যং মিনাবাজার এলাকায় নিহত হন আয়েশা আকতার (১৭)।
হত্যার অভিযোগে পুলিশ আয়েশার বড়ভাই ফরিদ আলমকে (২৫) গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী সাংবাদিকদের জানান, ভোরে আয়েশা নফল রোজা রাখার জন্য সেহেরি খেয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তাকে জবাই করে হত্যার চেষ্টা করে ফরিদ।
আয়েশার চিৎকারে লোকজন এসে ফরিদকে আটক করে এবং আয়েশাকে হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে বিকাল ৩টার দিকে আয়েশার মৃত্যু হয়।
এলাকাবাসী পরে ফরিদ আলমকে পুলিশে সোপর্দ করে।
চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী আরো জানান, ফরিদ আলম কোনো কাজকর্ম করে না বলে সবার বড়ভাই কবির হোসেন তাকে বকাঝকা করেন এবং ছোটবোনকে বলে দেন যেন তাকে খাবার না দেওয়া হয়।
কিন্তু আয়শা তাকে লুকিয়ে খাবার দিতেন। মঙ্গলবার আয়েশা তাকে বখাটেপনার জন্য গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ফরিদ তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক তৈয়মুর রহমান জানান, আয়েশার ভাই ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৭ ঘ.
bdnews24