ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন বুধবার রাতে শেষ হয়েছে। এই অধিবেশনেও বিরোধী দল যোগ দেয়নি।
রাত ৯টা ২৫ মিনিটে স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পাঠানো অধিবেশন সমাপ্তি আদেশ পড়ে শোনান। এর মধ্য দিয়ে ষষ্ঠ অধিবেশনের সমাপ্তি ঘটে।
এর আগে সমাপনী অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন।
গত ২০ সেপ্টেম্বর এই অধিবেশন শুরু হয়। ষষ্ঠ অধিবেশনের মোট কার্যদিবস ছিলো ১১ দিন।
এ অধিবেশনে মোট ১৩টি বিল পাস হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধনী ) বিল-২০১০, স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) (সংশোধনী ) বিল-২০১০, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা ) বিল-২০১০, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল-২০১০, পরিবেশ সংরক্ষণ (সংশোধনী) বিল-২০১০, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিল-২০১০, পরিবেশ আদালত বিল-২০১০, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিল-২০১০, বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সংশোধন) বিল-২০১০।
ষষ্ঠ অধিবেশনে বর্তমান সরকারের প্রণীত জাতীয় শিক্ষানীতি-২০১০ উত্থাপিত হয়।
শিশুমৃত্যুর হার কমিয়ে আনায় সাফল্য অর্জনের জন্য বাংলাদেশ জাতিসংঘের এমডিজি পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয় সমাপনী দিনে।
এছাড়া এ অধিবেশনে 'বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০' উপস্থাপিত হয়। বর্তমানে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালর সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১২৫ ঘ.
bdnews24