ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশকে হানাহানির দিকে ঠেলে না দিতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাধারণ ক্ষমার কথা ভুলে যুদ্ধাপরাধের বিচারের নামে সরকার জাতিকে 'হানাহানির' দিকে ঠেলে দিচ্ছে বলে খালেদার অভিযোগের জবাবে শেখ হাসিনা বলেন, "আপনি দয়া করে দেশকে হানাহানির দিকে ঠেলে দেবেন না।"
বুধবার সংসদের ষষ্ঠ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, জরিপে দেখা গেছে দেশের শতকরা ১২ ভাগ মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায় না। বাকি সব মানুষ যুদ্ধপরাধীদের বিচার চায়। সারা দেশের মানুষ যুদ্ধপরাধীদের বিচার চায়।
তিনি খালেদাকে উদ্দেশ্য করে বলেন, "আন্তর্জাতিক পর্যায়ে আমরা যখন সমর্থন পাচ্ছি, তখন তিনি যেন দেশকে হানাহানির দিকে ঠেলে না দেন। যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করে জনজীবনকে দুর্বিষহ করবেন না। যুদ্ধাপরাধীদের বিচার হলে দেশ দ্বিধাবিভক্ত হবে- বিরোধীদলীয় নেতার এই বক্তব্য কারো কাছে গ্রহণযোগ্য হবে না।"
শেখ হাসিনা বলেন, "যুদ্ধপরাধীদের বিচার অব্যাহত থাকবে। এই বিচার শুরু হয়েছে-চলবে। পরবর্তী প্রজন্ম কোনো যুদ্ধাপরাধীকে খুঁজে পেলে তারও বিচার করবে।"
বিরোধী দলের নীতিনির্ধারকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "এমন কিছু করবেন না- জাতির মনে যে আশা জাগ্রত হয়েছে, সম্ভাবনার যে আলো প্রজ্জলিত হয়েছে, তা যেনো নস্যাৎ না হয়ে যায়। যে আলো জলেছে তা যেনো নিভে না যায়। আগামী অধিবেশনে যোগ দিয়ে প্রমাণ করুন আপনারা গণতন্ত্রে বিশ্বাসী।"
তিনি বলেন, "বিরোধীদল সংসদে থাকলে গণতন্ত্র আরো সুসংহত হতো। ওনারা বাইরে আছেন, অনেক কথা বলছেন। বিরোধীদল কেন সংসদে অনুপস্থিত তা জানি না।"
এমডিজি-৪ পুরস্কার দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করে শেখ হাসিনা বলেন, "এই অর্জন আমার নয়। এই অর্জন দেশবাসীর।"
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল-এর ব্যাপারে বিরোধীদলের সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন, "আমরা যা করেছি, তা সংবিধান সম্মতভাবেই করেছি। কোনো জটিলতার সৃষ্টি যেন না হয় সেজন্যই এই আইন করা হয়েছে।"
প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেত্রী চান না যে মানুষ কষ্ট থেকে মুক্তি পাক।
গ্যাসের সমস্যাকে 'প্রকট' অভিহিত করে শেখ হাসিনা দাবি করেন, চারদলীয় জোট সরকার গ্যাস ঊৎপাদনে কোনো ব্যবস্থা নেয়নি। এখন দৈনিক ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে বলে তিনি জানান।
অচিরেই গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
ঢাকাকে যানজটমুক্ত করতে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৩০ হাজার বিরোধীদলীয় নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে বলে খালেদার অভিযোগের জবাবে সংসদ নেতা বলেন, "আমি বিরোধীদলীয় নেতার কাছে এর তালিকা চাচ্ছি। উনি যেন তালিকা দেন।"
তিনি খালেদার উদ্দেশে বলেন, "ওনারাই হত্যার রাজনীতি করেন। ওনার স্বামী ক্ষমতা নিয়ে প্রথমেই মুক্তিযোদ্ধা, সৈনিক এবং আওয়ামী লীগের নেতাদের হত্যা করেন। ওটাই ছিলো ওনার প্রথম কাজ।"
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বিরোধীদলের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমরা যে কাজ করছি তা সুষ্ঠুভাবে করতে সহায়তা করুন।"
তিনি অচিরেই রেশন কার্ড চালু করার ঘোষণা দিয়ে বলেন, বার বার ওএমএসের চেয়ে রেশন কার্ড চালু অনেক ভালো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২৪৫ ঘ.
bdnews24