২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যাতীরে ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 02:57 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজার এলাকায় নদীতীর দখল করে গড়ে তোলা ১১টি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিলা ইসলাম উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদীবন্দরের উর্ধ্বতন উপ-পরিচালক সাইফুল ইসলাম, উপ-পরিচালক আলমগীর কবীরসহ উর্ধ্বতন কর্মকর্তারা। বিআইডাব্লিউটিএ'র অর্ধশতাধিক শ্রমিক অগ্রবাণী জাহাজ নিয়ে উচ্ছেদ অভিযানে অংশ নেয়। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। বিআইডব্লিউটি নারায়ণগঞ্জ বন্দর উপ-পরিচালক আলমগীর কবীর জানান, শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজার এলাকায় সকাল দশটা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। চলে বিকাল চারটা পর্যন্ত। এসময় নদীর তীর দখল করে গড়ে তোলা আয়েশা টেক্সটাইল মিলের ১৩০ ফুট লম্বা ও ৬০ ফুট প্রস্থ একটি আধাপাকা ঘর ভেঙ্গে ফেলা হয়। ৫টি টিনসেড দোকান ঘর এবং একটি ডকইয়ার্ড কার্যালয়ের ৫টি টিনসেড ঘর ভেঙ্গে দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিলা ইসলাম জানান, প্রতিষ্ঠানগুলি অবৈধভাবে মাটি দিয়ে নদী ভরাট করে সেখানে পাকা-আধাপাকা ইমারত নির্মাণ করেছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫২ ঘ.