চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্র ও নদী দূষণের দায়ে চট্টগ্রামে একটি ঢেউটিন কারখানাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট সোনাইছড়ি সংলগ্ন ছোট কুমিরার 'কে আই ওয়াই স্টিল ইন্ডাস্ট্রিজকে' এ জরিমানা করেন।
কে আই ওয়াই স্টিল কেডিএস গ্র"পের একটি প্রতিষ্ঠান।
মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত কে আই ওয়াই স্টিল পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। প্রতিমাসে ১৩০০ মেট্রিক টন ঢেউটিন উৎপাদনে সক্ষম এ প্রতিষ্ঠানটি পরিবেশ সংরক্ষণ আইনে 'লাল' শ্রেণীভুক্ত।
তিনি বলেন, বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপন না করেই প্রতিষ্ঠানটি ঢেউটিন উৎপাদন কওে আসছিল। ফলে এর বর্জ্য নালার মাধ্যমে সরাসরি কুমিরা খাল দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে পানি দূষিত করছে।
বর্জ্য পরিশোধন প্ল্যান্ট না থাকা, পরিবেশগত ছাড়পত্র ছাড়া ঢেউটিন উৎপাদন এবং সমুদ্র ও নদী দূষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। কারখানা মালিককে অবিলম্বে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপন করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুনীর চৌধুরী।
কারখানা কর্তৃপক্ষকে ২০০৭ সালের ৮ নভেম্বর বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর নোটিশ দিলেও তারা তা মানেনি।
মুনীর চৌধুরী আরও জানান, কে আই ওয়াই স্টিল কারখানা থেকে নির্গত তরল বর্জ্য পরীক্ষা করে এতে উচ্চ মাত্রার এসিডিটি পাওয়া গেছে, যা মানবদেহসহ বিভিন্ন জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯৩৮ ঘ.
bdnews24