২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল সার কারখানাচীনা প্রতিষ্ঠানের অভিজ্ঞতা যাচাইয়ের পক্ষে সংসদীয় কমিটি

শাহজালাল সার কারখানা নির্মাণে নিযুক্ত চীনা প্রতিষ্ঠানটি এরকম আর কয়টি কারখানা করেছে তা খোঁজ নিতে বলেছে শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল সার কারখানা নির্মাণে নিযুক্ত চীনা প্রতিষ্ঠানটি এরকম আর কয়টি কারখানা করেছে তা খোঁজ নিতে বলেছে শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি। কমিটির ১৩তম বৈঠক শেষে বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এই কমিটির সভাপতি তোফায়েল আহমদ। সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা স্থাপনের দায়িত্ব পেয়েছে চীনা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল কমপ্লিট প্ল্যান্ট ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন লিমিটেড। কারখানা তৈরিতে ৭৭ কোটি ১০ লাখ মার্কিন জলার প্রয়োজন হবে। এর মধ্যে শতকরা ২ ভাগ সুদে চীন দেবে ৬৬ কোটি মার্কিন ডলার। তোফায়েল জানান, কারখানার উৎপাদনক্ষমতা হবে দৈনিক এক হাজার সাতশ ৫০ মেট্রিক টন। সংসদীয় কমিটির বৈঠক শেষে তিনি বলেন, "এই সার কারখানা নির্মাণে চীন অর্থ দেবে। তাই শর্ত পূরণে দেশের স্বার্থ যেন বিসর্জন দেওয়া নাহয় তা নিশ্চিত করতে আমরা শিল্প মন্ত্রণালয়কে সুপারিশ করেছি।" যে চীনা প্রতিষ্ঠান এই সার কারখানা নির্মাণ করবে তার নিজ দেশে এবং অন্য দেশে এ ধরণের কারখানা তৈরির অভিজ্ঞতা আছে কি না তার খোঁজ নিতে সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করেছে বলে জানান কমিটির সভাপতি তোফায়েল। তিনি বলেন, "তাছাড়া প্রতিষ্ঠানটি এ ধরণের কয়টি কারখানা কোথায় কোথায় করেছে শিল্প মন্ত্রণালয় তা দেখবে বলে আমরা আশা করি।" কারখানা করলে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাবে কি না তার নিশ্চয়তাও চেয়েছে সংসদীয় কমিটি। তোফায়েল বলেন, "আমরা চাই এ সার কারখানা যেন স্বচ্ছতার ভিত্তিতে নির্মাণ করা হয়।" দেশবন্ধু চিনি কলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দেশবন্ধু চিনি কলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। এই চিনি কল রপ্তানির জন্য চিনি কর্পোরেশন থেকে ৩৩ টাকা কেজি দরে ছয় হাজার মেট্রিক টন চিনি কেনে। কিন্তু, তারা এই চিনি রপ্তানি না করে রমজান মাসে খোলা বাজারে বিক্রি করে। তোফায়েল জানান, দেশবন্ধু চিনি কলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে বলা হয়েছে। এর সঙ্গে চিনি কর্পোরেশনের যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯২৩ ঘ.