২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িচাপায় কৃষি কর্মকর্তা নিহত

রাজধানীর আগারগাঁও এলাকায় বুধবার সকালে হাঁটতে বের হয়ে মাইক্রোবাসের চাপায় এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 12:31 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁও এলাকায় বুধবার সকালে হাঁটতে বের হয়ে মাইক্রোবাসের চাপায় এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত হুমায়ুন কবির (৪৫) কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রধান) হিসাবে ফার্মগেট খামার বাড়িতে কর্মরত ছিলেন বলে পুলিশ জানায়। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৬টার দিকে আগারগাঁও পরিসংখ্যান ভবনের সামনে একটি মাইক্রোবাস হুমায়ুন কবিরকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সকাল সোয়া ৮টার দিকে তিনি সেখানে মারা যান। পুলিশ কর্মকর্তা রাজ্জাক জানান, হুমায়ুন তালতলা অফিসার্স কোয়ার্টারে থাকতেন। প্রায় প্রতিদিন সকালে তিনি ওই এলাকায় হাঁটতে বের হতেন। তবে ওই মাইক্রোবাসের কোনো সন্ধান পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/এমআই/১৮২৫ ঘ.