ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতা দখলকারীদের নিবৃত্ত করতে যা যা করা প্রয়োজন সরকার তার সবকিছু করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
এছাড়া সুুপ্রিম কোর্টের রায়ের আলোকে আইন প্রণয়ন করে ক্ষমতা দখলকারীদের শাস্তির বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য মো. তাজুল ইসলামের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, "ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধান (পঞ্চম সংশোধন) আইন এবং হাইকোর্ট বিভাগ সংবিধান (সপ্তম সংশোধন) আইন বাতিল করা হয়েছে। ওই দুটি রায়ে অবৈধ ক্ষমতা দখলকে বেআইনি ও সংবিধান বর্হিভূত বলে উল্লেখ করা হয়েছে।"
ওই রায়ে অবৈধ ক্ষমতা দখলকারীদের সংবিধান লংঘনের জন্য আইন প্রণয়ন করে শাস্তির বিধান করার সুপারিশ করা হয়েছে বলে জানান মন্ত্রী।
তাজুল ইসলামের একই প্রশ্নের জবাবে শফিক আহমেদ আরো বলেন, "একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধসহ অন্য অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর অধীনে করা সম্ভব। ২০০৪ সালের ২১ অগাস্ট নারকীয় গ্রেনেড হামলার বিচার প্রচলিত আইনেই সম্ভব। এ জন্য আইন সংশোধনের প্রয়োজন নেই।"
তিনি জানান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতেও তার বিচার করতে আইনগত বাধা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচসি/আরএ/পিডি/১৮১৩ ঘ.
bdnews24