ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ীতে জুতার রাসায়নিক (সলিউশন) তৈরির এক কারখানায় চুল্লিতে বিস্ফোরণে আগুন লেগে সাতজন নিহত হয়েছে। কারখানার নাম লিলি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বলে নিশ্চিত করেছে দমকল বিভাগ।
বুধবারের এ অগ্নিকাণ্ডে নিহতের তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন দমকল বাহিনীর মহাপরিচালক আবু নাঈম মো. শহিদুল্লাহ। ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
আগুনে আহত আরো পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। সাতটি মৃতদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু হেনা মোরশেদ মিটফোর্ড হাসপাতালে যান। সেখানে তিনি নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন। এছাড়া আহতদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলে জানান তিনি।
আগুন লাগার সময় কারখানায় ৩৫ জন শ্রমিক কাজ করছিল বলে সাংবাদিকদের জানান ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে আসা ওই কারখানার এক শ্রমিক। রাসায়নিক তৈরির সময় চুল্লিতে বিস্ফোরণে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে বলে জানান ওই শ্রমিক।
কারখানার মালিককে পাওয়া যাচ্ছে না
বুধবার বিকাল ৫টায় দক্ষিণ যাত্রাবাড়ীর সম্রাট কমিউনিটি সেন্টারের পাশের ওই কারখানায় আগুন লাগে বলে জানায় দমকল বাহিনী। সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ দমকল বাহিনীর আটটি ইউনিট আগুন নিভিয়ে ফেলে।
কারাখানার মালিককে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা জানায়, সেলিম মিয়া নামের এক ব্যক্তি কারাখানার মালিক। তবে আগুন লাগার পর তিনি ঘটনাস্থলে আসেননি।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান দমকল বাহিনীর পরিচালক (অপারেশন) শেখ মো. জালাল। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চুল্লি বিস্ফোরণ থেকে আগুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়া কারখানিটর বিশু মিয়া নামের এক শ্রমিক সাংবাদিকদের বলেন, "কারখানায় আমরা ৩৫ জন শ্রমিক কাজ করছিলাম। গ্যাসের একটি চুল্লির ওপর রাসায়নিক তৈরি করা হচ্ছিল। হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। আমরা হুড়োহুড়ি করে বের হওয়ার আগেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।"
তিনি জানান, এই কারখানাটিতে জুতা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন আঠা তৈরি করা হতো।
কারখানাটির নাম বেবি সলিউশন বলে তাক্ষণিকভাবে জানিয়েছিল পুলিশ। ঘটনাস্থল থেকে জানান যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতরা সবাই বেবি সলিউশন নামের ওই কারখানার শ্রমিক।
সে সময় কারখানাটির নাম লিলি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বলে জানান দমকল বাহিনীর পরিচালক মেজর শাহজালাল।
ঘটনাস্থলে থাকা দমকল বিভাগের ঢাকা অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশীদ কারখানাটির নাম লিলি কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ বলে রাতে নিশ্চিত করেন।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক শামীম আহমেদ জানান, অগ্নিকাণ্ডের পর অনেক ব্যক্তি এসে স্বজনদের খুঁজছেন। সন্তান, স্বামীকে না পেয়ে তারা কান্নায় ভেঙে পড়েন।
দমকল বিভাগের কর্মকর্তা আব্দুর রশীদের উদ্ধৃতি দিয়ে শামীম জানান, বিস্ফোরণে কারখানার ছাদের একটি অংশ উড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিটফোর্ড প্রতিনিধি জানান, ধোলাইপাড়ের আমির হোসেন নামে এক ব্যক্তি হাসপাতালে স্বজনের মৃতদেহ খুঁজছেন। আমিরের ছেলের বউ শাহীনূর, মেয়ে কহিনুর এবং তার পাশের বাসার সুমি ওই কারখানায় কাজ করতেন বলে জানান আমির। এছাড়া সেলিনা নামে একজন খুঁজছেন তার বোনের মেয়ে আঁখিকে।
এক পর্যায়ে শাহীনূর ও সুমির মতৃদেহ তিনি শনাক্ত করতে পেরেছেন বলে দাবি করেন আমির। তবে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানিয়েছেন, আর কেউ ওই মৃতদেহ তাদের স্বজনের বলে দাবি না করলে সেগুলো আমির হোসেনকে দেওয়া হবে।
আগুনে আহত পাচজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিসাধীন বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মেডিক্যাল প্রতিনিধি।
রাসায়নিকের কারণে আগুন তীব্র
কারখানাটির ভেতরে জুতা তৈরিতে প্রয়োজনীয় অনেক রাসায়নিক থাকায় আগুন দ্রুত মারাত্মক আকার নেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মহানগর পুলিশের সহকারি কমিশনার (ডেমরা) মো. মুরাদ আলী।
এর আগে দমকল বাহিনী সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফায়ারম্যান আব্দুস সামাদ আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন নেভাতে দমকল বাহিনীর ছয়টি ইউনিট কাজ করছে।
মো. মুরাদ আলী বলেন, "এটি টিনের তৈরি ছাপরার মতো একটি কারখানা। এর ভেতর থেকে সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু পুড়ে যাওয়ায় পুরুষ না মহিলা, পুরোপুরি বোঝা যাচ্ছে না।"
কারখানাটির মালিকদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
ঘটনাস্থল থেকে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেবি সলিউশন নামের এই কারখানাটিতে জুতা জোড়া লাগানোর আঠা তৈরি ও সোল জোড়া লাগানো হতো বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।"
কারখানাটি পাকা দেয়াল ও টিনের ছাদ দিয়ে তৈরি করা হয়েছে বলে জানান তিনি।
সন্ধা সোয়া ৬টা নাগাদ তিনি জানান, আগুন নেভানো হয়েছে।
বিচার বিভাগীয় তদন্ত দাবি দেলোয়ারের
অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করে ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে তিনি অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
স্থানীয় এমপি হাবিবুর রহমান মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনিও সাংবাদিকদের জানান, নিহতদের ২০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/এসআইএম/এসআইটি/এমআই/পিডি/২২২২ ঘ.
bdnews24