ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বিনিয়োগ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্থবিরতার বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার এ থেকে উত্তরণে কাজ করে যাচ্ছে।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা হাসিনা বিএনপি-জামায়াত সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, "চারদলীয় জোট সরকারের সময়ে সীমাহীন দুর্নীতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জনজীবনে বিপর্যয় নেমে আসে।"
"তাদের সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ ছিলো শূন্যের কোঠায়। বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে ২০০৯ সালে জানুয়ারি থেকে এখন পর্যন্ত গ্যাস উৎপাদন ২৭২ মিলিয়ন ঘনফুট বৃদ্ধি পেয়েছে। জ্বালানি খাতে নেওয়া সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হলে জ্বালানি সমস্যার সমাধান হবে এবং দেশের সার্বিক উন্নয়ন আরো গতিশীল হবে বলে আশা করা যায়", বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের গ্যাস সঙ্কট নিরসনে অনুসন্ধানের মাধ্যমে গ্যাস উত্তোলনের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এক প্রশ্নের জবাবে হাসিনা বলেন, "জোট সরকার ক্ষমতায় আসার পর দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দারিদ্র্য-দুর্দশা-দুর্গতি বেড়ে যায়; বেড়ে যায় বেকারত্ব এবং কমে যায় দেশি-বিদেশি বিনিয়োগ। ফলে দেশে এক ধরনের নৈরাজ্যের সৃষ্টি হয়। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর আগের নৈরাজ্য ও বিশৃঙ্খল পরিস্থিতির ফলে সৃষ্ট অভ্যন্তরীণ বিনিয়োগের স্থবিরতা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে।"
চারদলীয় জোট সরকারের সময়ে শিক্ষাঙ্গনের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে শিক্ষানীতি প্রণয়ন করে। কিন্তু ২০০১ সালে ক্ষমতায় এসে তারা সে শিক্ষানীতি বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি। দীর্ঘদিন দেশে কোনো শিক্ষানীতি ছিলো না।"
"বিগত সরকারের আমলে দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত না হওয়ার কারণে দেশের শিক্ষাঙ্গনে বিশেষ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হতাশা আর ক্ষোভের সঞ্চার হয়েছিলো। ক্লাস শুরু হয়ে গেলেও শিক্ষার্থীদের সরকারের পক্ষ থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হয়নি", বলেন তিনি।
চারদলীয় জোট সরকারের সময় উন্মুক্ত ও জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, পদোন্নতি ও উন্নয়ন কাজে প্রচুর দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন হাসিনা।
দেশে আরো পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের আছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, ছয়টি বিভাগে ছয়টি শান্তি নিবাস চালু করার জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ফরিদপুর জেলায় ৫০ জন প্রবীণ ব্যক্তিকে নিয়ে শান্তি নিবাস পুনরায় চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অবশিষ্ট পাঁচটি শান্তি নিবাস চালুর কার্যক্রম চলছে।
আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও তাদের জীবনমান উন্নয়নের জন্য বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সময়ের সাথে শ্রমিকদের সংখ্যা ও মৎস্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭১২ ঘ.
bdnews24