ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিপিপি'র আওতায় রাজধানীতে উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণের দরপত্র আগামী নভেম্বরে আহ্বান করা হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিটারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
এ সময় যোগাযোগ সচিব মোজাম্মেল হক খান, বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক টিএ চৌধুরী এবং ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্টা জয়া ভার্মা সিনহা উপস্থিত ছিলেন।
যোগাযোগ মন্ত্রী সাংবাদিকদের বলেন, "ঢাকায় উড়াল সড়ক নির্মাণের প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে। আগামী নভেম্বরের মধ্যেই এ সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করা হবে। এটি হবে সরকারি ও বেসরকারি অংশদারিত্বের (পিপিপি) একটি প্রকল্প।"
তিনি জানান, সরকার এছাড়াও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এজন্য সড়ক ও রেলপথ নির্মাণের চেষ্টা করা হচ্ছে।
আবুল হোসেন বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এক বিলিয়ন ডলারের ঋণ চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে পাওয়া অর্থের বেশিরভাগই রেলওয়ের উন্নয়নে ব্যয় করা হবে। ভারতীয় ঋণ চুক্তির আওতায় যেসব প্রকল্প নেওয়া হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা হবে। নতুন সরঞ্জাম যুক্ত হলে দেশে রেলসেবার মান উন্নয়ন হবে।
তিনি জানান, রেলওয়েকে গতিশীল করতে শিগগিরই রেল-বহরে লোকোমোটিভ, যাত্রিবাহী কোচ, ফ্লাট-ওয়াগন, ব্রেকভ্যান এবং ট্যাংক-ওয়াগন যুক্ত। ভারতের ঋণ চুক্তির আওতায় এসব সরঞ্জাম সংগ্রহ করা হবে।
মন্ত্রী বলেন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে শিগগির সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হচ্ছে। মিয়ানমারের সঙ্গে সড়ক নির্মাণ হলে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ সহজ হবে।
মাওয়ায় প্রস্তাবিত পদ্মা সেতুর প্রসঙ্গে আবুল হোসেন বলেন, "পদ্মা সেতু নির্মাণের জন্য পণ্য মজুদের স্থান তৈরির কাজ জানুয়ারিতে শুরু হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24