২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিশুদের জেলে পাঠানোর আগে যাচাই করুন'

শিশুদের যেন কারাগারে যেতে না হয়, সে জন্য পুলিশ বললেও বয়স যাচাই করে দেখতে বিচারক এবং কারা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 08:40 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের যেন কারাগারে যেতে না হয়, সে জন্য পুলিশ বললেও বয়স যাচাই করে দেখতে বিচারক এবং কারা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বুধবার ঢাকায় এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বিচার ব্যবস্থা ঢেলে সাজানোর পক্ষে তার মত প্রকাশ করেন। নিরাপরাধ ব্যক্তিকে যেন কারাগারে আটকে থাকতে না হয়, সেদিকেও সংশ্লিষ্টদের মনোযোগ আকর্ষণ করেন মন্ত্রী। সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম কারাগারে বন্দিদের স্থান সঙ্কুলান না হওয়ার কথা তুলে ধরলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, বিনা সাজায় আটকদের মুক্তির প্রক্রিয়া চলবে। রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে 'লকড আপ অ্যান্ড ফরগটেন' শীর্ষক দুইদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন হয় বুধবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জার্মান টেকনিক্যাল কো-অপারেটিভ (জিটিজেড) এর যৌথ প্রকল্প 'ইমপ্র"ভমেন্ট অব দ্য রিয়েল সিচুয়েশন অব ওভারক্রাউডিং ইন প্রিজন্স' এর সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে সার্ক দেশগুলোর পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আইনমন্ত্রী বলেন, "পুলিশ অনেক সময় শিশুদের বয়স বেশি দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেয়। বিচারক ও কারা কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, আপনারা কেস ফাইল দেখুন। তারা শিশু হলে কারাগারে না রেখে সংশোধনাগারে পাঠিয়ে দিন।" বিনা বিচারে আটকের সংখ্যা, মামলাজট কমাতে বিচার ব্যবস্থা সংস্কারে সরকার কাজ করছে বলে জানান তিনি। "আদালতের বাইরেই আপসের মাধ্যমে অনেক মামলার সমাধান সম্ভব। সেক্ষেত্রে মামলার সংখ্যা যেমন কমবে, তেমনি আদালতের সময় বাঁচবে, এতে কারাগারের ওপর ভারও কমবে", বলেন মন্ত্রী। কারা মহাপরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, দেশে বর্তমানে ৬৭ কারাগারে ২৮ হাজার ধারণ ক্ষমতার বিপরীতে ৭০ হাজার বন্দি রয়েছে। এ বিষয়ে সাহারা খাতুন বলেন, "এ প্রকল্পের আওতায় তিনটি কারাগার থেকে ৭০০ ব্যক্তিকে মুক্ত করা হয়েছে। বাকি কারাগারগুলোতে পর্যায়ক্রমে এ ব্যবস্থা নেওয়া হবে।" গাফিলতি বা ত্র"টির কারণে কোনো নিরপরাধ ব্যক্তি কারাভোগ করতে থাকলে তদন্ত করে আইনপ্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয় বলে জানান তিনি। কারা আইন সংস্কারের কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশায়েল, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাইম আহমেদ প্রমুখ। সম্মেলনের মূল প্রবন্ধে ভারতের সাবেক পুলিশপ্রধান কিরণ বেদী বলেন, "শুধু আইন করে বা আইনি প্রক্রিয়ার মাধ্যমের কারাগারের সংস্কার করা সম্ভব নয়। কারাবন্দিদের বিভিন্ন সমস্যা উপলদ্ধি করে আন্তরিকতার সঙ্গে তা সমাধানে পদক্ষেপ নিতে হবে। এভাবেই কারাগারের সমস্যা সমাধান, বন্দিসংখ্যা কমিয়ে আনা ও নিরপরাধদের মুক্তি নিশ্চিত করা সম্ভব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৪৩৫ ঘ.