চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের দায়ে নগরীর দুটি শিল্প প্রতিষ্ঠানকে সাড়ে ১৪ লাখ জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী নগরীর পতেঙ্গা গুপ্তখাল এলাকার পদ্মা এগ্রো কেমিক্যাল লিমিটেডকে ১১ লাখ ৫০ হাজার টাকা এবং সাগরিকা এলাকার মেসার্স সার এন্ড কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করেন।
মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পতেঙ্গার গুপ্তা খাল এলাকায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত পদ্মা এগ্রা নামক প্রতিষ্ঠানটি বর্জ্য পরিশোধন প্ল্যান্ট ছাড়া কীটনাশক উৎপাদন করে আসছিল। অপরিশোধিত বর্জ্য নদীর পানি দূষিত করার অপরাধে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া সাগরিকা এলাকার সার এন্ড কোম্পানি নামক মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের বাহিত অপরিশোধিত বর্জ্য বঙ্গোপসাগরে গিয়ে পানি দূষণ করার অপরাধে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ সংরক্ষণ আইনে 'লাল' ও 'কমলা' শ্রেণীভুক্ত দূষণকারী প্রতিষ্ঠান দুটিকে অবিলম্বে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৪১ ঘ.
bdnews24