চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় এবার বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফল) সংরক্ষিত জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটকের সময় বিসিআইসির চেয়ারম্যান ছিলেন ইমামুজ্জামান।
সিইউএফএল বিসিআইসির অধীন একটি প্রতিষ্ঠান।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জবানবন্দি দেন ইমামুজ্জামান। মহানগর হাকিম মাহাবুবুর রহমান ১২ পৃষ্ঠার এ জবানবন্দি নথিভুক্ত করেন।
জবানবন্দিতে ইমামুজ্জামান অস্ত্র খালাসের পর তখনকার শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব এবং সিইউএফএল কর্মকর্তাদের ভূমিকার বিষয়ে বিস্তারিত বিবরণ দেন বলে সংশ্লিষ্ট আদালত কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক, পুলিশের তৎকালীন দুই উপ-মহাপরিদর্শক এবং চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন।
এসব সাক্ষ্যের পরিপ্রেক্ষিতে রোববার তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে আলাদা দুটি মামলা করে।
বর্তমান তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর এনএসআই'র সাবেক দুই প্রধান, তিন সাবেক কর্মকর্তা, সিইউএফএল'র সাবেক মহাপরিচালক ও ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24