সাভার, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার উপজেলার দুইটি গ্রামে রোববার ও সোমবার ১৫টি ছাগলের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে শতাধিক।
এনিয়ে উপজেলার মিটনকৃষ্টপুর ও আলমনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরীক্ষার জন্য মৃত ছাগলের নমুনা ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধানাগারে (সিডিআইএল) পাঠানো হয়েছে।
সাভার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে অসুস্থ ছাগলের চিকিৎসা দেওয়া হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরে ঢাকা বিভাগের উপ-পরিচালক ডা. মোসাদ্দেক হোসেন মঙ্গলবার ঘটনাস্থল পরির্দশন করেছেন।
তিনি এলাকাবাসীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান।
এলাকাবাসী জানায়, গত ২৬ সেপ্টেম্বর সেনাবাহিনী মিটনকৃষ্টপুর গ্রামে ক্যাম্প করে সরকারিভাবে গরু-ছাগলের টিকা দেয়। টিকা দেওয়ার কয়েকদিন পর থেকে কিছু ছাগলের গলা ফুলে অসুস্থ হতে শুরু করে।
গত দু'দিনে মিটনকৃষ্টপুর ও আলমনগর গ্রামে ১৫টি ছাগল মারা যায়। অসুস্থ হয়েছে শতাধিক।
ওই ক্যাম্পে অংশ নেওয়া সেনাবাহিনীর ভেটেরিনারি কোরের ক্যাপ্টেন ডা. মো. পলাশ জানান, টিকার কারণে ছাগল মারা যাওয়ার কথা নয়। মারা যাওয়ার পেছনে অন্যকোনো কারণ থাকতে পারে।
বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি জানান।
মিটনকৃষ্টপুর গ্রামের আব্দুল খালেকের দুইটি, আকবর হোসেনের দুইটি, সামসুন্নাহার বানুর একটি, আলমনগর গ্রামের তাহের বিশ্বাসের একটি, নুরুল আমিনের চারটি, বশির মিয়ার একটি, রফিক মিয়ার একটি, আব্দুল বারেকের একটি, রুপ মিয়ার একটি ও রাজিয়া সুলতানার একটি ছাগল মারা গেছে।
এদের অধিকাংশই মনে করেন, অ্যানথ্রাক্সে তাদের ছালগুলোর মৃত্যু হয়েছে। তাদের আরো ছাগল আক্রান্ত হবে এমন আশঙ্কাও করছেন তারা।
আলমনগর গ্রামের নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেনাবাহিনী মিটনকৃষ্টপুর এলাকায় বিনামূল্যে অ্যানথ্যাক্স ভ্যাকসিন ক্যাম্প করে। সেখানে আমার ২০টি ছাগলকে ভ্যাকসিন দিয়ে আনি। এরপর থেকেই ছাগলগুলো অসুস্থ হয়ে পড়ে। এরই মধ্যে রোববার ও সোমবার আমার ৪টি ছাগল মারা যায়। কয়েকটি অসুস্থ হয়ে পড়ে।"
তিনি আরো বলেন, আরো অনেকের ছাগল মারা গেছে। অসুস্থ হয়েছে শতাধিক ছাগল।
প্রাণিসম্পদ অধিদপ্তরে ঢাকা বিভাগের উপ-পরিচালক ডা. মোসাদ্দেক হোসেন বলেন, অ্যানথ্রাক্স রোগে নয়, অন্যকোনো কারণে ছাগলগুলোর মৃত্যু হয়েছে। তবে ছাগলের মৃত্যু নিয়ে এলাকাবাসীকে চিন্তিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে সোমবার বিকালে সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদুল আলমের নেতৃত্বে ভেটেরিনারি সার্জন ডা. মো. খোরশেদ আলমসহ একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তারা মৃত ছাগলের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় কেন্দ্রীয় রোগ অনুসন্ধানাগারে (সিডিআইএল) পাঠিয়েছেন।
ডা. ফরহাদুল আলম বলেন, টিকার কারণে ছাগলের মৃত্যু হয়নি। অতিরিক্ত গরম, খাদ্যে বিষক্রিয়া কিংবা ডায়রিয়ায় এগুলোর মৃত্যু হয়ে থাকতে পারে।
মৃত ছাগলের নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।
তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে অসুস্থ ছাগলের মাংস না খাওয়ার পরামর্শ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24