২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারিবারিক সহিংসতা: নারী-শিশুকে রক্ষার বিল পাস

পারিবারিক সহিংসতা ও নির্যাতন সামাজিক সমস্যায় রূপ নেওয়ায় নারী ও শিশুদের রক্ষায় শাস্তির বিধান রেখে সংসদে একটি বিল পাস হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 01:14 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক সহিংসতা ও নির্যাতন সামাজিক সমস্যায় রূপ নেওয়ায় নারী ও শিশুদের রক্ষায় শাস্তির বিধান রেখে সংসদে একটি বিল পাস হয়েছে। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা ) বিল-২০১০ নামে এ বিল মঙ্গলবার সংসদে উত্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। পরে কন্ঠভোটে বিলটি পাস হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিলটি পাসের জন্য উত্থাপন করা হয়। রুদ্ধদ্বার কক্ষে বিচার হতে পারবে পারিবারিক বিরোধের ক্ষেত্রে কোনো ব্যক্তির ব্যাপারে আদালতের দেওয়া সুরক্ষা আদেশ বা আদেশের কোনো শর্ত লঙ্ঘন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এরকম অপরাধের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। পাবিবারিক সহিংসতার অপরাধের বিচার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রবিশেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হবে। তবে সংশ্লিষ্ট প্রতিপক্ষের সম্মতির ভিত্তিতে অথবা আদালতের স্বীয় বিবেচনায় উপযুক্ত মনে হলে ওই বিচার কার্যক্রম রুদ্ধদ্বার কক্ষে (ক্যামেরা ট্রায়াল) হতে পারবে। বিলে বলা হয়েছে, এই আইনের অধীন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে এই আইনের অধীন আবেদন করার আইনানুগ কারণ না জেনে আবেদন করলে অভিযোগকারী সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমান অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। আপিল নিষ্পত্তি হতে হবে ৬০ দিনে বিলে বলা হয়েছে, পারিবারিক সহিংসতা বলতে পারিবারিক সর্ম্পক রয়েছে এমন কোনো ব্যক্তি পরিবারের অন্য কোনো নারী বা শিশু সদস্যের ওপর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন এবং আর্থিক ক্ষতিকে বোঝানো হয়েছে। এ ধরণের নির্যাতনের শিকার সংক্ষুব্ধ ব্যক্তি অনুরোধ জানালে ওই ব্যক্তিকে সুরক্ষা দিতে আইন প্রয়োগকারী সংস্থাকে আদালতের কাছে আবেদন করতে হবে। আদালত সংক্ষুব্ধ ও প্রতিপক্ষ ব্যক্তিকে শুনানির সুযোগ দিয়ে প্রয়োজনে সংক্ষুব্ধ ব্যক্তির পক্ষে সুরক্ষা আদেশ দিতে পারবে। আবেদনের প্রেক্ষিতে আদালত উভয় পক্ষকে শুনানির সুযোগ দিয়ে প্রয়োজনে সংক্ষুব্ধ ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবে। আবেদনের প্রেক্ষিতে আদালত সংক্ষুব্ধ ব্যক্তির সন্তানদের নিরাপদ হেফাজতে রাখার নির্দেশও দিতে পারবে। বিচারিক আদালতের রায়ে বিরুদ্ধে আপিল করার সুযোগও রাখা হয়েছে বিলে। বিল অনুযায়ী, সংক্ষুব্ধ পক্ষ ৩০ দিনের মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্র বিশেষে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করতে পারবেন। আপিল করার ৬০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির বাধ্যবাধতাও রাখা হয়েছে। কেন এই বিল বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, পারিবারিক সহিংসতা ও নির্যাতন একটি সামাজিক সমস্যা হয়ে দেখা দিয়েছে। বাসা-বাড়িতে চার দেওয়ালের ভেতরে বেশিরভাগ ক্ষেত্রে নারীরা শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। পরিবারের শিশুদের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ে। তাদের বুদ্ধি ও শারীরিক বিকাশে পারিবারিক সহিংসতা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এজন্য পারিবারিক সহিংসতা প্রতিরোধে আইন প্রণয়ন করে সামাজিক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। মাতৃভাষা ইনস্টিটিউট বিল পাস এছাড়া মঙ্গলবার সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল-২০১০ কন্ঠভোটে পাস হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উত্থাপন করেন। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর একুশে ফেব্র"য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করায় সরকার দেশে একটি আন্তর্জাতিক মাতৃভাষা চর্চা ও গবেষণা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। গত ১৪ জুলাই এ বিলটি মন্ত্রিসভায় অনুমোদন পায়। এ বিলের প্রস্তাবে বলা হয়েছে, ইনস্টিটিউটের প্রধান কার্যালয় হবে ঢাকায়। সরকার প্রয়োজন বোধে ঢাকার বাইরে দেশ বা বিদেশের যে কোনো স্থানে ওই ইনস্টিটিউটের শাখার কার্যালয় স্থাপন করতে পারবে। ইনস্টিটিউটের প্রধান পৃষ্ঠপোষক হবেন প্রধানমন্ত্রী। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন)-২০১০ বিলের প্রতিবেদন সংসদে পেশ করেন। এছাড়া মহিলা ও শিশু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ তার কমিটির প্রথম প্রতিবেদন এবং সরকারি হিসাব সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি মহিউদ্দিন খান আলমগীর ৮ম সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় প্রতিবেদন উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৩৬ ঘ.