২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় ঘূর্ণিঝড়, আহত ১০

ঘূর্ণিঝড়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মঙ্গলবার বিকালে অন্তত ১০ জন আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে শতাধিক বাড়িঘর ও দোকানপাট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 12:39 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মঙ্গলবার বিকালে অন্তত ১০ জন আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে শতাধিক বাড়িঘর ও দোকানপাট। সন্ধ্যায় গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ উপজেলার সাত ইউনিয়নের তিন শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বহু গাছপালা উপড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, বিকালে উপজেলার পাঁচটি গ্রামের ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। আহতদের মধ্যে জহুরা খাতুন ও আব্দুল মতিনকে ঢাকা, নজরুল ইসলামকে কুমিল্লায়, নবী হোসেন ও অজ্ঞাত এক মহিলাকে নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শী জিনুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ জানান, বিকাল ৩টার দিকে কয়েকমিনিট স্থায়ী ঘুর্ণিঝড়ে জিনুদপুর ইউনিয়নের হুরুয়া, জিনুদপুর, করুইবাড়ি, লাউয়ের ফতেহপুর, বিটঘর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে বহু গাছপালা। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। পরে তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। গাইবান্ধা প্রতিনিধি জানান, সন্ধ্যা ৬টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট, সদরের খোলাহাটি, গিদারি, ঘাগোয়া, লক্ষ্মীপুর, কুপতলা ও বোয়ালি ইউনিয়েনে ঘূর্ণিঝড়ে তিন শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বহু গাছপালা উপড়ে পড়েছে। খোলাহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হক্কানী বলেন, হাসেম বাজারসহ ইউনিয়নের বেশকিছু এলাকার কাঁচা-আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোথাও আহত হবার খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২১১০ ঘ.