ভোলা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার সোনার চর এলাকা থেকে পাঁচ জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয় তাদের ব্যবহার করা একটি ট্রলার।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে তজুমদ্দিন উপজেলার সোনার চর এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাকসুদ (২০), শাজাহান (২০), আবুল কালাম (২০), আমির হোসেন (৫৫) ও কালাম (৩৬)। এদের বাড়ি ভোলার লালমোহন উপজেলার ধলী গৌরনগর এলাকায়।
তাদের কাছ থেকে পাঁচটি ছুরি ও প্রায় ৩ কেজি মরিচের গুঁড়া উদ্ধার করে।
তজুমদ্দিন থানার ওসি খান মো. এফরান হোসেন জানান, ডাকাত দলটিতে ১০/১২ জন ছিলো। পুলিশ পাঁচজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
ওসি জানান, গ্রেপ্তারকৃতদের দুপুর ৩টার দিকে তজুমদ্দিন থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দস্যুতার কথা স্বীকার করেছে।
বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৭ ঘ.
bdnews24