২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

পিরোজপুরের জিয়ানগর উপজেলার একটি মহিলা মাদ্রাসা থেকে মঙ্গলবার জঙ্গি সন্দেহে অধ্যক্ষসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 11:51 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

পিরোজপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের জিয়ানগর উপজেলার একটি মহিলা মাদ্রাসা থেকে মঙ্গলবার জঙ্গি সন্দেহে অধ্যক্ষসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অধ্যক্ষের আলমারি থেকে ১টি এলজি বন্দুক, ১ রাউন্ড কার্তুজ, বাঁচলে গাজী-মরলে শহীদ লেখা সংক্রান্ত জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর ১০ টি সদস্য সংগ্রহ প্যাডের কাগজও উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মাদ্রাসার অধ্যক্ষ এবং বালিপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি শরীফ সুলতান মাহমুদ (৪৩), আরবী প্রভাষক মো. আনোয়ার হোসেন (৩৮) এবং দপ্তরী আব্দুল খালেক শেখ (৪৫)। জেএমবির সঙ্গে জড়িত এমন ১১ জনের নামের একটি তালিকাও তাদের কাছে পাওয়া গেছে বলে পুলিশ জানায়। এলাকবাসীর অভিযোগ, ১৯৯০ সালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাজার সংলগ্ন বালিপাড়া চান সিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে ওই মাদ্রাসার শিক্ষকরা জেএমবি ও জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত। জিয়ানগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান জানান, অনেক দিন ধরে ওই মাদ্রাসা সম্পর্কে জঙ্গি তৎপরতার অভিযোগ শোনা যাচ্ছিলো। পুলিশি অভিযানে এখন তা প্রমাণিত হলো। ওই মাদ্রাসায় এবতেদায়ী, দাখিল ও আলিমের মোট তিনটি শাখা রয়েছে। এতে প্রায় ৪৫০ জন ছাত্রী পড়ছে। জামায়াতের কেন্দ্রীয় নেতা সাঈদীর এলাকা জিয়ানগরে বিভিন্ন মাদ্রাসায় এ ধরনের জঙ্গি তৎপরতা রয়েছে বলে আওয়ামী লীগ নেতা দাবি করেন। জিয়ানগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক খান সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশের একটি দল ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ সুপার (এসপি) এ জেড এম নাফিউল ইসলাম বলেন, তিনি এ ব্যাপারে খোঁজ নিচ্ছেন। তদন্তের পর গ্রেপ্তারকৃতরা জঙ্গি ও নিষিদ্ধ ঘোষিত জেএমবির সঙ্গে জড়িত রয়েছে কিনা তা সঠিকভাবে জানানো যাবে। প্রায় এক বছর আগে বালিপাড়া ইউনিয়ন সিনিয়র আলিম মাদ্রাসা থেকে পুলিশ জঙ্গি সন্দেহে ৩ মহিলাকে গ্রেপ্তার করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৩৮ ঘ.