গাজীপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে সোমবার রাতে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে।
এ ঘটনায় পুলিশ রাতেই ৭ জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার সকালে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চন্দ্রা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান এক লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করে দুই থেকে আড়াইশ' গ্রামবাসীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহিদুল ইসলাম সহিদ (২০), ভুলু (৩০), ফারুক হোসেন (২২), শহিদুল ইসলাম (২২), আমিনুল ইসলাম (২৫), পবিত্র চন্দ্র বিশ্বাস (৪০) ও শরিফুল ইসলাম (২০)।
মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এস আই মো. আশরাফুজ্জামান জানান, ৫ দিনের রিমান্ডের আবেদন করে তাদের মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে ।
কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার প্রতিবাদে গ্রামবাসী রাত সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের চন্দ্রায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করে।
এক পর্যায়ে তারা ইট-পাটকেল ছুড়ে কার্যালয়ের জানালা-দরজার কাঁচ ভাংচুর করে। পরে নিরাপত্তাকর্মীদের কক্ষে ঢুকে সেখানকার একটি ছাদপাখা, চেয়ার-টেবিল, বিদ্যুৎ কর্মীদের মটরসাইকেল ও সমিতির প্রধান ফটক ভাংচুর করে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান বলেন, স্থানীয় কবিরপুর গ্রিড থেকে দৈনিক ৯০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
তিনি জানান, এখান থেকে কালিয়াকৈর, টাঙ্গাইলের মির্জাপুর, সাভার ইপিজেড ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
স্থানীয় মৌচাক ফিডারে ৩০ মেগাওয়াটের বিপরীতে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ কারণে ঘন ঘন সরবরাহ বন্ধ রাখতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪২ ঘ.
bdnews24