শরীয়তপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরে একটি সেতু ভেঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার রাত ১০টার দিকে একটি পণ্যবাহী ট্রাক পার হওয়ার সময় সদর উপজেলার আঙ্গারিয়া এলাকায় কীর্তিনাশা নদীর ওপরের এই সেতুটি ভেঙ্গে যায় বলে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
তারা বলেছেন, সেতু মেরামতের কাজ চলছে। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে মেরামত কাজ শেষ হতে পারে।
সেতুটি ভেঙ্গে যাওয়ায় চট্টগ্রাম-চাঁদপুর-শরীয়তপুর-মাদারীপুর-খুলনা-বরিশাল রুটের হাজার হাজার মালবোঝাই ট্রাক ও যাত্রবাহী যানবাহন আটকা পড়েছে। দুর্ভোগের মধ্যে পড়েছে যাত্রীরা।
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুকিপূর্ণ অবস্থায় আছে।
তিনি আরো জানান, সেতুর ওপর দিয়ে পাঁচ টনের বেশি পণ্য বোঝাই যানবাহন চলাচল না করতে সড়ক ও জনপথ বিভাগ নোটিশ টানিয়ে দিলেও কোনো কাজ হয়নি।
সোমবার রাতে একটি অতিরিক্ত পণ্য বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় সেতুটি ভেঙ্গে পড়ে।
সড়ক ও জনপথ কর্তৃপক্ষ জানায়, সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় আবার ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে বরিশাল থেকে চট্টগ্রামগামী মাছবাহী ট্রাকের চালক আবদুল মালেক বলেন, গতরাত থেকে মাছ নিয়ে বসে আছেন। মাছের বরফ গলে যাচ্ছে। তারাও না খেয়ে আছেন।
শরীয়তপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী তুষার কান্তি সাহা বলেন, খবর পাওয়ার পরপরই তারা সেতুটি মেরামতের কাজ শুরু করেছেন। সন্ধ্যা ৬টার দিকে কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৬ ঘ.
bdnews24