ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে মঙ্গলবার সকালে রোমেছা বেগম (৩০) নামের এক গৃহবধুর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ ।
রোমেছার ষাটোর্ধ স্বামী রাসেদ মিয়া পলাতক রয়েছে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাজমহল রোডের একটি টিনশেড ঘরে এই দুইজন ভাড়া থাকতো। তাদের কোনো সন্তান নেই।
সোমবার রাত ৮টার দিকে রোমেছা অসুস্থ হয়ে পড়েছে বলে শ্যালক ডাবলু মিয়াকে ফোন করে জানায় রাসেদ মিয়া। গভীর রাতে ডাবলু মিয়া ওই বাসায় এসে বোনকে শরীরের বিভিন্ন অংশ দগ্ধ অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে। কিন্তু ভগ্নিপতিকে পায়নি।
পরে ডাবলু মিয়া পুলিশকে খবর দেয়। পুলিশ রাতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, গলা টিপে হত্যার পর রোমেছার দেহে কোন দাহ্য পদার্থ ঢেলে দেওয়া হয়ে থাকতে পারে। রোমেছার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।
ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া কিছু বলা যাবে না বলে জানান তিনি।
রোমেছা বেগমের এটি প্রথম বিয়ে হলেও তিনি রাসেদ মিয়ার দ্বিতীয় স্ত্রী। রাসেদ মিয়ার প্রথম স্ত্রীর ঘরে সন্তান ও নাতি নাতনি রয়েছে।
পুলিশ রাসেদ মিয়াকে খুঁজছে। তাকে পাওয়া গেলেই এই ঘটনার প্রকৃত রহস্য জানা সম্ভব হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৭০৪ ঘ.
bdnews24