ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গেজেট প্রকাশিত হওয়ার দিন থেকেই ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান।
মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ ইনষ্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) মিলনায়তনে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে 'নন্দিত নগর, প্রমিত জীবন' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বিআইপি।
জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ববসতি দিবস হিসেবে পালন করা হয়।
আবদুল মান্নান খান বলেন, "সব শ্রেনী পেশার মানুষকে নিয়েই ড্যাপ বাস্তবায়ন করা হচ্ছে। এটা চলমান প্রক্রিয়া। গেজেট প্রকাশিত হওয়ার দিন থেকেই ড্যাপ বাস্তবায়ন শুরু হয়েছে।"
গত ২২ জুন ড্যাপ গেজেট আকারে প্রকাশিত হয়।
মান্নান খান বলেন, "ড্যাপ বাস্তবায়ন শুরু হওয়ায় এখন থেকে কেউ নদী, খাল, বিল ভরাট করতে পারবে না।"
সরকারের একার পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "নন্দিত নগর (বেটার সিটি) গড়তে হলে রাষ্ট্র পরিচালনায় ভালো ও মেধাবী মানুষকে দায়িত্ব দিতে হবে।
তিনি বলেন, "ভালো নগরায়ন করতে হলে পরিকল্পনাবিদদেরও মূল্যায়ন করতে হবে।"
আগামী ২০১৫ থেকে ২০৩৫ সালের জন্য ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান (ডিএমডিপি) রিভিউ করা হবে বলে জানান তিনি।
বিআইপি'র সভাপতি অধ্যাপক সারওয়ার জাহান বলেন, "নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ড্যাপ অনুমোদন করে তা বাস্তবায়ন শুরু করায় সরকারকে ধন্যবাদ জানাই।"
নগর পরিকল্পনাবিদদের মাধ্যমে দেশের শহরগুলো যাতে পরিকল্পিতভাবে গড়ে উঠতে পারে সে জন্য পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জার্মান দুতাবাসের ফার্ষ্ট সেক্রেটারি হ্যানস হিনরিচ সিনেলি, বিআইপি'র সাধারণ সম্পাদক অধ্যাপক এ. কে এম আবুল কালাম।
আলোচনা সভা শেষে একই স্থানে বিশ্ববসতি দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান।
ব্রাজিলের সিডালিমা ও বাংলাদেশের আনিসুজ্জামানসহ দেশি বিদেশী চিত্রশিল্পীর কয়েকটি চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ কেএমএস/১৬২২ ঘ.
bdnews24