ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'শিক্ষকদের দিয়েই পুনরুদ্ধারের শুরু' এ প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে।
শিক্ষকদের অধিকার আদায় ও সংরক্ষণের জন্য ১৯৯৪ সাল থেকে সারাবিশ্বে এ দিবস পালিত হয়ে আসছে।
এবার বাংলাদেশে দিবসটি পালনে বিভিন্ন শিক্ষক সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছে।
শিক্ষক কর্মচারী ঐক্যজোট সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কলেজ শিক্ষক সমিতি ও অধ্যক্ষ পরিষদ যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করেছে বেলা ১১টায়।
১৯৬৬ সালে প্যারিসে বিভিন্ন দেশের শিক্ষকদের ১৪৫ দফা সুপারিশের ভিত্তিতে ইউনেস্কো ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস পালনের সিদ্ধান্ত নেয়।
এরপর ১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে তৎকালীন মহাপরিচালক ফ্রেডেরিকো মিয়রের প্রস্তাবক্রমে বছরের ৫ অক্টোবর এ দিবস পালনের সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/১০০৬ ঘ.
bdnews24