মেহেরপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের গাংনী উপজেলায় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র্যাব।
সোমবার সন্ধ্যায় উপজেলার চরগোয়াল গ্রাম থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশি দু'নলা বন্দুক ও দুই রাউন্ড গুলি।
পুলিশ বলেছে, নাহারুল ইসলাম (৩০) নামের এই ব্যক্তি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) দলের সক্রিয় সদস্য।
মেহেরপুর র্যাব ক্যাম্পের অধিনায়ক এএসপি জাহিদুল আমিন জানান, জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট ইকবাল হোসেনের নেতৃত্বে র্যাব ও পুলিশের একটি যৌথদল চরগোয়াল গ্রামে অভিযান চালায়।
এই সময় গ্রামের রাস্তায় এক সাইকেল আরোহীকে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে এই অস্ত্র ও গুলি পাওয়া যায়।
র্যাব কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে আটক নাহারুল জানিয়েছেন তিনি অস্ত্রটি দৌলতপুরের একটি সন্ত্রাসী বাহিনীর কাছে বিক্রি করতে যাচ্ছিলেন।
পুলিশ সুপারিনটেনডেন্ট ইকবাল হোসেন জানান, গাংনী থানা পুলিশ বাদি হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে মামলা করেছে।
নাহারুলের বিরুদ্ধে গাংনী থানায় একাধিক মামলা আছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.
bdnews24