ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রিড লাইনে ত্র"টির কারণে সকালে বন্ধ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দু'টি চালু হয়েছে।
সকাল ১০টায় একযোগে ইউনিট-১, গ্যাস টারবাইন (জিটি)-১ ও স্টিম টারবাইন (এসটি) ইউনিট তিনটি বন্ধ হয়ে যায়।
বিকেলে দু'টি ইউনিট চালু হয়েছে। এসটি ইউনিটটি রাতের মধ্যে চালুর আশা করছেন কেন্দ্রের কর্মকর্তারা।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক জানান, সকাল ১০টার দিকে হঠাৎ গ্রিড লাইনের তারে একটি কাক বসলে ৬৪ মেগাওয়াট ক্ষমতার ইউনিট-১, ৫৬ মেগাওয়াটের জিটি-১ এবং ১৮ মেগাওয়াটের এসটি ইউনিট তিনটি একযোগে বন্ধ হয়ে যায়।
দু'টি ইউনিট ইতোমধ্যে চালু হয়েছে। এসটি ইউনিট রাতের মধ্যেই চালু করা সম্ভব হবে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, গত ১ অক্টোবর থেকে ওভারহোলিংয়ের জন্য ৬৪ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিট এবং গত ১২ সেপ্টেম্বর থেকে ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৪ নম্বর ইউনিট বন্ধ রয়েছে। এগুলো চালু করতে দীর্ঘ সময় লাগবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.
bdnews24