ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে সরকার আগামী ছয় মাসের মধ্যে আরো ২৫টি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য চুক্তি সই করবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়টি অবহিত করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, দেশে বিদ্যুতের চাহিদা দ্রুত মেটাতে এ বছরের ডিসেম্বরের মধ্যে আরো এক হাজার থেকে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার।
ইতিমধ্যে দেশে ২৭টি প্রকল্পের কাজ চলছে। আগামী ছয় মাসের মধ্যে আরো ২৫টি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য চুক্তি করা হবে।
আবুল কালাম আজাদ জানান, দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় পাঁচ হাজার মেগাওয়াট। সেচ মৌসুম এবং গ্রীষ্মকালে এ চাহিদা বেড়ে ছয় হাজার মেগাওয়াট হয় বলে বৈঠকে জানানো হয়।
বর্তমানে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট উৎপাদন ক্ষমতা পাঁচ হাজার ৪৯১ মেগাওয়াট। তবে প্ল্যান্টগুলোর ক্ষমতা কমে যাওয়া, যান্ত্রিক ত্র"টি ও গ্যাস সংকটসহ বিভিন্ন কারণে উৎপাদন হচ্ছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার মেগাওয়াট। গত বছরের ১৮ সেপ্টেম্বর সর্বোচ্চ ৪২৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
বৈঠকে বিদ্যুৎ বিভাগ আগামী ২০১৫ সাল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা তুলে ধরে। এতে বলা হয়, এ বছর থেকে ২০১৫ সাল পর্যন্ত পর্যায়ক্রমে ৭৯২ মেগাওয়াট, ৯২০, ১০৬৯, ১৫০০, ১৬২০ এবং ২৬০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এইচএ/২০২৬ ঘ.
bdnews24