ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যত্রতত্র পশু জবাইয়ের জন্য এক বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে 'পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১০' এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
এছাড়া মন্ত্রিসভার সোমবারের বৈঠকে প্রশাসনিক ট্রাইব্যুনাল (সংশোধন) আইন-২০১০, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০১০ এবং বাজার দর নিয়ন্ত্রণে 'কম্পিটিশন আইন, ২০১০'-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
বৈঠক শেষে আবুল কালাম আজাদ তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ সম্পর্কে ব্রিফ করেন।
তিনি জানান, জনগণের স্বাস্থ্যসম্মত মাংস পাওয়া নিশ্চিত, মানুষ ও পশুস্বাস্থ্যের জন্য পরিবেশ সুরক্ষা, জবাইখানা, মাংস বিক্রির স্থান এবং মাংস প্রক্রিয়াকরণ কারখানার জন্য সনদ নেওয়া এবং এর কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, মাংস ও মাংসজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে মান নিয়ন্ত্রণের জন্য 'পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন' প্রণয়ন করা হয়েছে।
২০০৯ সালে পাস হওয়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন সংশোধন করে নতুন করে 'স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন' প্রণয়ন করা হয়েছে।
নতুন আইনে মেয়াদ উত্তীর্ণ হওয়ার ১৮০ দিন আগেই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
এছাড়াও নতুন আইনে ২০০৯ সালের আইন অনুযায়ী ওয়ার্ডগুলোর জনসংখ্যা ও সীমানা নিয়েও সৃষ্ট জটিলতাও দূর করা হয়েছে। ফলে শিগগিরই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের বাধা দূর হলো।
প্রশাসনিক ট্রাইব্যুনাল (সংশোধন) আইনে ১৯৮০ সালের প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে।
নতুন আইনে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের অনুপস্থিতিতে শুনানি এবং দণ্ড ঘোষণার ক্ষমতা সদস্যদেরও দেওয়া হয়েছে। এক্ষেত্রে উপস্থিত সদস্যদের একমত পোষণ করতে হবে।
এছাড়া মন্ত্রিসভা ডব্লিউটিও'র ট্রিপস চুক্তির দুটি ধারা অনুমোদন করেছে।
আবুল কালাম আজাদ জানান, বৈঠকের শুরুতেই শিশু মৃত্যুর হার কমিয়ে আনায় সাফল্য অর্জনের জন্য জাতিসংঘের এমডিজি পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯১৪ ঘ.
bdnews24