বগুড়া, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থ আত্মসাতের অভিযোগে সরকারি আযিযুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সুলতান আলীসহ ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া অঞ্চলের উপ-সহকারী পরিচালক বীরকান্ত রায় সোমবার সকালে ৬৮ লাখ ৭০ হাজার ১৪০ টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় তিনটি মামলা করেন।
মামলার অন্য আসামিদের মধ্যে আছেন - আযিযুল হক কলেজের ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুন নবী রাসেল, যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা উজ্জ্বল ও কামরুল হাসান ডালিম, কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) জেলা যুবলীগ সদস্য আমিনুল ইসলাম ডাবলু ও প্রধান অফিস সহকারী জসিম উদ্দিন প্রধান।
দুদক কর্মকর্তা বীরকান্ত রায় সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) রোকসানা মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
যুবলীগ নেতা আমিনুল ইসলাম ডাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালে ২৬ মার্চ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা উজ্জ্বল সন্ত্রাসী হামলায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় সাবেক অধ্যক্ষ সুলতান আলী চিকিৎসার জন্য তাকে অনুদানের আবেদন করতে বলেন।
তিনি বলেন, মানবিক কারণে তিনি সাহায্যের আবেদন করে দুদকের মামলায় ফেঁসে গেছেন।
এ ব্যাপারে সাবেক অধ্যক্ষ সুলতান আলী মোবাইল ফোনে বলেন, "আমি কোনো টাকা আত্মসাত করিনি। তবে এক খাতের টাকা অন্য খাতে ব্যয় হতে পারে। বেসরকারি তহবিলের টাকা প্রয়োজনে অন্য খাতে খরচ করার এখতিয়ার রয়েছে আমার। এটা কোনো অনিয়ম নয়।"
তিনি দাবি করেন, ছাত্রদের চিকিৎসার জন্য অনেক সময় বেসরকারি তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছে। দুদক এ বিষয়টিকেও আত্মসাতের আওতায় নিয়ে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২১ ঘ.
bdnews24