ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি স্টেশন ছয় ঘন্টা বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সিএনজি অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন।
সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসলাম আলী।
লিখিত বক্তব্যে আসলাম বলেন, "সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকায় অটোরিকশা মালিক ও চালকরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে।"
তিনি জানান, অটোরিকশার গ্যাস সিলিন্ডার আকারে ছোট হওয়ায় গ্যাস নিতে চালককে তিন-চার বার ফিলিং স্টেশনে যেতে হয়।
তিনি বলেন, "সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধ থাকার কারণে চালকরা প্রয়োজন মতো গ্যাস নিতে পারেন না। ফলে যাত্রী পরিবহনে অপারগতা প্রকাশ করায় মাঝে মধ্যেই যাত্রীদের সঙ্গে চালকদের বাগবিতণ্ডা হচ্ছে।
এছাড়া যাত্রী তুলনায় অটোরিকশার সংখ্যা কম বলে জানান তিনি।
তিনি জানান, ঢাকা মহানগরীতে প্রায় ১৫ হাজার সিএনজি অটোরিকশা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অভি চৌধুরী, মোশাররফ হোসেন, উপদেষ্টা আমিরুল ইসলাম খান।
বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে গ্যাস সরবরাহের জন্য সরকার গত ১৬ অগাস্ট থেকে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ছয় ঘণ্টা করে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারকে এক মাস সময় বেঁধে দিয়েছেন স্টেশন মালিকরা।
শনিবার এক সংবাদ সম্মেলনে তারা জানান, তা না হলে ১ নভেম্বর থেকে গ্যাস বিক্রি বন্ধ করে দেবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/কেএমএস/১৫৫৪ ঘ.
bdnews24