২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে দুই পোশাক কারখানার শ্রমিক সংঘর্ষ

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পাশাপাশি অবস্থিত দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সোমবার সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 09:17 AM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পাশাপাশি অবস্থিত দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সোমবার সংঘর্ষ হয়েছে। এতে ৮ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। পদ্মা গ্র"পের একটি সুইং কারখানা ও নাসা মেইনল্যান্ড গ্র"পের একটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে এই সংঘর্ষ হয়। শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষের সময় দুই কারখানার বাইরের কাঁচ ভেঙেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পদ্মা গ্র"পের ব্যবস্থাপক আক্তারুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের সুইং সেকশনে কিছুদিন ধরে শ্রমিক অসন্তোষ চলছে। এ নিয়ে বিজিএমইএ ভবনে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। সর্বশেষ রোববার রাতে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। তিনি বলেন, "শ্রমিকরা সকালে কারখানা বন্ধ দেখে বিজিএমইএ ভবনে যায়। সেখান থেকে কারখানার সামনে আসার পর হঠাৎ আমাদের শ্রমিকদের ওপর নাসার কারাখানার শ্রমিকরা হামলা চালায়।" পদ্মার সুইং কারখানার শ্রমিক মো. রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাঁটাইয়ের প্রতিবাদে আমরা আন্দোলন করছিলাম। সকালে এসে দেখি কারখানা বন্ধ। এরপর আমরা বিজিএমইএ ভবনে যাই। সেখান থেকে ফিরে কারখানার সামনে যাওয়ার সময় নাসার কারখানার নিরাপত্তা কর্মীরা আকস্মিকভাবে আমাদের ধাওয়া করে। এতে আমাদের শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পাল্টা ধাওয়া দেয়।" নাসার কারখানার নিরাপত্তাকর্মী জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের কারখানার প্রধান ফটক বন্ধ ছিলো। শ্রমিকরা কাজ করছিলো। হঠাৎ পদ্মার ছাদ এবং রাস্তা থেকে আমাদের ওপর ইটপাটকেল ছোঁড়া শুরু হয়। "এরপর আমাদের শ্রমিকরা সিঁড়ি দিয়ে নেমে আসে। প্রধান ফটক বন্ধ থাকায় তখন কোনো শ্রমিক বের হতে পারেনি। এ সময় আমাদের পরিচালক প্রধান ফটকের ছোট গেইট দিয়ে বেরিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে শুরু করেন। "এক পর্যায়ে তাকে লাঠিপেটা শুরু করে পুলিশ। তখন আমাদের শ্রমিকরা বেরিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।" নাসার নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর আব্দুর রাজ্জাক বলেন, "নাসায় কোনো শ্রমিক অসন্তোষ নেই। পদ্মায় আছে। নাসা যাতে ঠিকমতো চলতে না পারে সেজন্য এ হামলা চালানো হয়। হামলাকারীদের সঙ্গে পুলিশও ৮ তলার উপর উঠে মারধোর করে।" উপপুলিশ কমিশনার (তেজগাঁও) মঞ্জুরুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে দুই কারখানার শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মৃদু লাঠিচার্জ করে।" সংঘর্ষের কারণ জানা যায়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/কেএমএস/১৫০২ ঘ.