২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'২০২১ সালের মধ্যে সারাদেশে বিদ্যুৎ পৌঁছে যাবে'

২০২১ সালের মধ্যে সারাদেশে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি, ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 05:05 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০২১ সালের মধ্যে সারাদেশে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি, ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। মোহাম্মদ এনামুল হক বলেন, "২০২১ সালের মধ্যে সারাদেশে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।" তিনি জানান, এ লক্ষ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পাশাপাশি তরল জ্বালানি, কয়লা, ডুয়েল-ফুয়েল এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে সরকারি ও বেসরকারি খাতে ২০১৫ সাল নাগাদ ১১ হাজার ৩০৬ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০১০ সালের মধ্যে ৪১৫ মেগাওয়াট, ২০১১ সালের মধ্যে দুইহাজার ১৮৪ মেগাওয়াট, ২০১২ সালে দুই হাজার ১৩৭ মেগাওয়াট, ২০১৩ সালে এক হাজার ৮৫০ মেগাওয়াট, ২০১৪ সালে এক হাজার ৬৭০ মেগাওয়াট এবং ২০১৫ সালে তিন হাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এছাড়া পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলোর সংস্কারসহ প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, এ লক্ষ্যে ভারত, নেপাল, ভুটান ও মায়ানমার থেকে বিদ্যুৎ আমদানির সম্ভাব্য উপায় উদ্ভাবনের লক্ষ্যে কাজ চলছে। এছাড়া বাংলাদেশ-ভারত বিদ্যুৎ বিনিময় কার্যক্রম বাস্তবায়নে দুই দেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি কারিগরি কমিটি কাজ করছে। তিনি আরো জানান, ইতিমধ্যে ভারতের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা ও ঈশ্বরদী পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণের কাজ চলছে। আগামী ২০১২ সালের ডিসেম্বর নাগাদ ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেবি/এইচএ/২২৫৯ ঘ.