২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ ক্ষমতার বিধান রেখে বিদ্যুৎ বিল পাস

জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি আমদানির জন্য বিশেষ ক্ষমতার বিধান রেখে রোববার সংসদে একটি বিল পাস হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 03:59 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি আমদানির জন্য বিশেষ ক্ষমতার বিধান রেখে রোববার সংসদে একটি বিল পাস হয়েছে। এর ফলে সরকার ও সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান প্রয়োজনে বিদেশ থেকে বিদ্যুৎ বা জ্বালানির আমদানি ও তার সঞ্চালন, পরিবহন ও বিপণন সংক্রান্ত পরিকল্পনার প্রস্তাব গ্রহণ করতে পারবে। এজন্য সরকারকে কোনো জবাবদিহিতা করতে হবে না। এই আইনের আওতায় গৃহীত কোনো কার্য, ব্যবস্থা, প্রদত্ত আদেশ বা নিদের্শের বৈধতা সর্ম্পকে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে আইন প্রণয়ন কার্যাবলীতে 'বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল-২০১০' পাস হয়। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বিলটি সংসদে উত্থাপন করেন। পরে তা কন্ঠভোটে পাস হয়। বিলটিতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এ আপাতত বলবৎ যাই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাবে। এই আইন বা প্রণীত বিধি, সাধারণ বা বিশেষ আদেশের অধীনে দায়িত্ব পালনকালে কোনো কাজের জন্য কোনো কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা বা অন্য কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। এ ছাড়া সরকার গ্যাজেটে প্রজ্ঞাপন জারি করে এই আইনে বিধি প্রণয়ন করতে পারবে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, "দেশে বিদ্যুৎ ও জ্বালানির চরম ঘাটতি বিরাজ করছে। একারণে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালী কাজ-কর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যমান আইনের আওতায় প্রতিপালনীয় পদ্ধতি অনুসরণ করে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি দ্রুত নিরসনে এই বিলটি আনা হয়েছে। এটি আইনে পরিণত হলে বিদ্যুৎ ও জ্বালানির উৎপাদন বৃদ্ধিসহ এর সরবরাহ, সঞ্চালন, পরিবহন ও বিপণনের ক্ষেত্রে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব হবে।" এর আগে সংসদে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্র্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন 'আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল-২০১০', অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ন হ মুস্তফা কামাল 'প্রবাসী কল্যাণ ব্যাংক বিল-২০১০', পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মোমিন তালুকদার 'পরিবেশ আদালত বিল-২০১০' সম্পর্কে কমিটির প্রতিবেদন সংসদে উত্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৩২ ঘ.