২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বিল পাস

পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করতে শাস্তির বিধান রেখে সংসদে 'পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিল-২০১০' পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 03:19 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করতে শাস্তির বিধান রেখে সংসদে 'পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিল-২০১০' পাস হয়েছে। রোববার রাতে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদে বিলটি উত্থাপন করেন বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। পরে তা কন্ঠ ভোটে পাস হয়। কৃত্রিম মোড়ক ব্যবহারের কারণে সৃষ্ট পরিবেশ দূষণ রোধ, পাট চাষীদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত ও পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে বিলটি আনা হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, এ বিল পাস হলে পাটজাত পণ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে এবং অভ্যন্তরীণ বাজারে পাটের চাহিদা বাড়বে। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করলে এক বছরের কারাদণ্ড ও অনধিক পঞ্চাশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে এতে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসব অপরাধের বিচার করবেন। গত ২১ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপিত হয়। পরে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সাত দিনের সময় দিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এ বছরের ১০ জুন মন্ত্রিসভার বৈঠকে বিলটি অনুমোদন পায়। বিলের প্রস্তাবে বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার পর কোনো ব্যক্তি এই আইনের আওতায় নির্ধারিত পণ্য পাটজাত মোড়ক ছাড়া বিক্রি, বিতরণ বা সরবারহ করতে পারবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/এইচএ/২১১৪ ঘ.