ঢাকা, অক্টোবর ৩ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভার পর ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণেও জনসংখ্যার ১০ শতাংশ তারতম্যের বিষয়ে সংশোধনী আনতে সম্মতি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সরকারের নীতিগত অনুমোদনের জন্য এ সংক্রান্ত আইনের সংশোধনী সোমবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে।
রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় এক চিঠিতে নির্বাচন কমিশনকে এ বিষয়ে অবহিত করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ইসির সিনিয়র সহকারি সচিব মো. আবদুল বাতেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব হাসান স্বাক্ষরিত 'মন্ত্রিসভা বৈঠকের জন্য সারসংক্ষেপে' জানানো হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এ ওয়ার্ডের সীমানা নির্ধারণে জনসংখ্যার ওই তারতম্যের বিষয়ে সংশোধনী আনতে সম্মতি দিয়েছে মন্ত্রণালয়।
এর আগে গত মঙ্গলবার সীমানা পুনর্বিন্যাসে ওয়ার্ডওয়ারী জনসংখ্যার তারতম্যের বিধান বিলুপ্ত করে 'স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধনী) আইন-২০১০' সংসদে পাস হয়।
বিদ্যমান ইউপি আইনের ১৩ (১) উপধারায় বলা হয়েছে, ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণের ক্ষেত্রে এলাকার ভৌগলিক অখণ্ডতা এবং জনসংখ্যার বিন্যাস ও প্রশাসনিক সুবিধার প্রতি লক্ষ্য রাখতে হবে যেন ওয়ার্ডওয়ারী জনসংখ্যা ১০ শতাংশের কম বা বেশি না হয়।
আইন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউপি আইনের ওই উপধারাটির অংশবিশেষ (ওয়ার্ডওয়ারী জনসংখ্যার তারতম্য) বিলুপ্ত করতে সম্মত হয় বলে ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়।
স্থানীয় সরকার আইনে এ সংশোধনী দেরি হওয়ায় আটকে আছে স্থানীয় সরকারের পৌরসভাসহ ইউনিয়ন পরিষদ ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন।
ইতোপূর্বে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন জানান, ওয়ার্ডের জনসংখ্যার ১০ শতাংশ তারতম্যের বিষয়টি থাকায় সীমানা নিয়ে আইনি জটিলতা বাড়ার শঙ্কা থাকায় তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। প্রয়োজনীয় সংশোধনী হলেই স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নেবে ইসি।
গত মঙ্গলবার এক আলোচনা সভায় স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানান, পৗরসভা ও ইউনিয়ন পরিষদ-এর সংশোধিত বিল দুইটি পাস হলে ডিসেম্বরের মধ্যে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন করা সম্ভব হবে।
অবশ্য প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সাংবাদিকদের বলেছেন, এ বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন করা সম্ভব হবে না।
তবে মন্ত্রী ও নির্বাচন কমিশনের বক্তব্যের মধ্যে কোনো বিরোধ নেই বলেও জানান সিইসি।
দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের বেশিরভাগই ইতিমধ্যে মেয়াদোত্তীর্ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২০৫৫ ঘ.
bdnews24