আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে প্রথম শ্রেণীর ৩৫ হাজার পদ শূন্য থাকলেও ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ না পাওয়ার শঙ্কায় রয়েছে প্রায় আড়াই হাজার নন-ক্যাডার প্রার্থী।
এসব প্রার্থীর কতজন চাকরি পাবে, তাও সুনির্দিষ্ট করে বলতে পারছে না নিয়োগদাতা প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে তেমন সাড়া না পাওয়ায় উত্তীর্ণ প্রার্থীদের চাকরির জন্য সুপারিশ করা যাচ্ছে না।
গত ২২ সেপ্টেম্বর সংস্থাপনমন্ত্রীর পক্ষে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদে জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে প্রথম শ্রেণীর ৩৫ হাজার ৪৬০টি পদ শূন্য আছে। পর্যায়ক্রমে তা বিসিএস-এ উর্ত্তীণ প্রার্থীদের মাধ্যমে পূরণ করা হবে।
এদিকে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এ বলা রয়েছে, পরবর্তী বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের দিন থেকে আগের পরীক্ষার উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।
পরবর্তী অর্থাৎ ২৯তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা চলছে। নভেম্বরে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। তাই নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছে ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীরা।
নন-ক্যাডার পদে উত্তীর্ণ প্রার্থী মো. ওসমান গণী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৯তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে আমাদের নিয়োগ হবে কি না, তা নিয়ে আমরা শঙ্কায় রয়েছি।"
শনিবার মানববন্ধন কর্মসূচি পালনের পর এ সব প্রার্থীরা রোববার পিএসসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে। সকালে পিএসসির সামনে আধা ঘণ্টা অবস্থান কর্মসূচিও পালন করে তারা। এছাড়া দাবি আদায়ে আগামী ৯ অক্টোবর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
গত ৩ জুন ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৮৮১ জন। এর মধ্যে পিএসসি ২ হাজার ১৯০ জনকে বিভিন্ন ক্যাডারে এবং বাকিদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে।
নন-ক্যাডার পদে নিয়োগ পাওয়ার জন্য ইতোমধ্যে ২ হাজার ৭০০ জন প্রার্থী আবেদন করেছে বলে পিএসসি কর্মকর্তারা জানিয়েছেন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইতোমধ্যে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় ২৫০ জনের চাহিদাপত্র পাওয়া গেছে। সে অনুযায়ী গত ২৯ সেপ্টেম্বর থেকে ওই সব প্রার্থীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে।"
বাকি প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য আগামী ২/১ দিনের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে বলে জানান তিনি।
নেছারউদ্দিন বলেন, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা অনুযায়ী পরবর্তী বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের দিন থেকে আগের পরীক্ষার উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।
"সরকারের পক্ষ থেকে চাহিদাপত্র না দেওয়া হলে নন-ক্যাডার প্রার্থীদের চাকরি দেওয়ার ক্ষেত্রে পিএসসি'র কিছু করার নেই", বলেন তিনি।
নন-ক্যাডার পদে উত্তীর্ণ কয়েকজন নিয়োগের বিষয়ে সরকারের উদ্যোগহীনতায় ক্ষোভ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২০১০ ঘ.
bdnews24