২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ৮ জামায়াত নেতাকর্মীর সাজা

দ্রুত বিচার আইনে করা মামলায় শেরপুর জেলা জামায়াতের আমিরসহ আট নেতাকর্মীকে দুবছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

শেরপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্রুত বিচার আইনে করা মামলায় শেরপুর জেলা জামায়াতের আমিরসহ আট নেতাকর্মীকে দুবছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে ১৬ নেতাকর্মীকে। রোববার বিকালে শেরপুর দ্রুত বিচার আদালতের বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন। জামায়াতের কেন্দ্রীয় তিন নেতার মুক্তির দাবিতে গত ৩০ জুলাই সন্ধ্যায় শেরপুর শহরে দলের নেতাকর্মীরা মিছিল বের করে। এ ঘটনায় পুলিশ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল বাতেনসহ ১৬ জনকে গ্রেপ্তার করে। জনমনে ভীতি সৃষ্টির অভিযোগে পরদিন শেরপুর গোয়েন্দা পুলিশের সহকারী উপরিদর্শক (এএসআই) সজিব খান বাদি হয়ে সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন- জেলা জামায়াতের আমির শাহাদত হোসেন, কর্মী পরাগ মিয়া, মোস্তাক, আওয়াল, আব্দুল কাদের, রুহুল আমীন, সওদাগর ও আফছর উদ্দিন। এরা সবাই পলাতক। খালাসপ্রাপ্তরা হলেন- জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল বাতেন, ডা. আনোয়ার হোসেন, মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান, আইয়ুব আলী, সুলতান আহম্মদ, হাজী মোস্তফা, সেলিম, রফিকুল ইসলাম (১), ফারুক হাসান, রফিকুল ইসলাম (২), নওয়াব আলী, শহিদুল্লাহ, নেওয়াজ, শামীম, সাইফুল্লাহ। রায় ঘোষণার সময় এরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মজদুল হক মিনু। আসামিপক্ষে ছিলেন- অ্যাডভোকেট সিরাজুল হক, আবদুল মজিদ বাদল ও ছাইফুল ইসলাম কালাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৯ ঘ.